ভারত-সহ ১৬ দেশের বিরুদ্ধে বেআইনি বাণিজ্যের অভিযোগ, বাড়তি শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের

Must Read

ওয়েব ডেস্ক: ইরান যুদ্ধের (Iran Tension) আবহেই ফের আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে কড়া অবস্থান নিল আমেরিকা (America)। ভারত-সহ ১৬টি দেশের বিরুদ্ধে বাণিজ্যনিয়ম ভাঙার অভিযোগ তুলে অতিরিক্ত শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিল ট্রাম্প প্রশাসন। বুধবার মার্কিন বাণিজ্য দফতরের আধিকারিক জেমিসন গ্রির জানান, অভিযুক্ত দেশগুলির বিরুদ্ধে আমেরিকার আইন অনুযায়ী তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট দেশগুলির উপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে।

হোয়াইট হাউসের প্রকাশিত তালিকায় ভারতের পাশাপাশি রয়েছে চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান এবং ইউরোপীয় ইউনিয়ন। এছাড়াও সুইৎজারল্যান্ড, নরওয়ে, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, তাইল্যান্ড, মালয়েশিয়া, কম্বোডিয়া, ভিয়েতনাম এবং বাংলাদেশের বিরুদ্ধেও তদন্ত শুরু করার কথা জানিয়েছে মার্কিন প্রশাসন।

আরও পড়ুন: ১০০ মাইলের প্রণালীই বিশ্ব জ্বালানির লাইফলাইন! কেন এত গুরুত্বপূর্ণ হরমুজ?

আমেরিকার অভিযোগ, এই দেশগুলির কয়েকটি আন্তর্জাতিক চাহিদার তুলনায় অস্বাভাবিক হারে অভ্যন্তরীণ উৎপাদন বাড়িয়েছে। আবার কিছু দেশ রাষ্ট্রায়ত্ত সংস্থার মাধ্যমে কম দামে বিপুল পরিমাণ পণ্য আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে দিচ্ছে, যার ফলে বিশ্ববাজারে প্রতিযোগিতার ভারসাম্য নষ্ট হচ্ছে।

জেমিসন গ্রির জানান, “প্রেসিডেন্ট ট্রাম্প নিয়ম না মেনে বাণিজ্য করা বন্ধ করতে চান। প্রয়োজনে তিনি এই দেশগুলির উপর আবার শুল্ক চাপাতে পারেন।” একই ধরনের অভিযোগে আরও প্রায় ৬০টি দেশের বিরুদ্ধে তদন্তের কথাও ভাবছে আমেরিকা। বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্ব অর্থনীতি এমনিতেই চাপে রয়েছে। তার মধ্যেই মার্কিন প্রশাসনের এই নতুন হুঁশিয়ারি আন্তর্জাতিক বাণিজ্যে আরও অনিশ্চয়তা তৈরি করতে পারে। এখন বিভিন্ন দেশ কীভাবে সম্ভাব্য মার্কিন শুল্কের চাপ মোকাবিলা করবে, সেটাই দেখার।

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This