ওয়েব ডেস্ক : বিদেশে কাজ করতে গিয়ে বিপদে পড়ার অভিযোগ। কুয়েত (Kuwait) থেকে ভিডিওবার্তা দিয়ে উদ্ধারের কাতর আবেদন জানালেন তামিলনাড়ুর (Tamilnadu) কল্লাকুরিচি জেলার এক গৃহকর্মী। ভানিথা নামে ওই মহিলার অভিযোগ, তাঁকে সেখানে নির্যাতন করা হচ্ছে এবং গত দু’মাস ধরে বেতন দেওয়া হয়নি।
ভিডিওতে দেখা যায়, মাথায় কাপড় ঢাকা অবস্থায় একটি ছোট ঘরে বসে হাতজোড় করে কল্লাকুরিচির জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে সাহায্যের আবেদন করছেন ভানিথা। তাঁর দাবি, প্রায় তিন মাস আগে কাজের জন্য কুয়েতে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে ওঠে বলে অভিযোগ।
আরও খবর : চীনের গাড়ির দাপট, আমেরিকার শুল্ক! ১ লক্ষ চাকরি ছাঁটাইয়ের সিদ্ধান্ত Volkswagen -এর
ভানিথার আরও দাবি, দীর্ঘদিন ধরে ঠিকমতো খাবারও পাচ্ছেন না তিনি। একটি প্রতিবেদনে তাঁর অভিযোগ, ৫০ দিনেরও বেশি সময় ধরে পর্যাপ্ত খাবার দেওয়া হয়নি। পাশাপাশি দু’মাসের বেতন আটকে রাখা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। এমন পরিস্থিতিতে আর সেখানে থাকা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন ওই মহিলা।
ভিডিওটি প্রশাসনের নজরে আসার পর কল্লাকুরিচি পুলিশ ভানিথার পরিচয় নিশ্চিত করে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে। এরপর তাঁর পরিবার মেয়েকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার আবেদন জানিয়ে অভিযোগ দায়ের করে। ভানিথার মা ভেন্নিলার অভিযোগ, এক এজেন্টের মাধ্যমে কুয়েতে কাজের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সেখানে যাওয়ার পর থেকেই মেয়ের উপর অত্যাচার শুরু হয়।
কল্লাকুরিচির পুলিশ সুপার শাহনাজ জানিয়েছেন, ভানিথা ওই জেলার বাসিন্দা কি না তা নিশ্চিত করা হয়েছে এবং তাঁর পরিবারের কাছ থেকে অভিযোগও নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পরিবারের যোগাযোগ করিয়ে দেওয়া হয়েছে। তাঁকে উদ্ধার করে দেশে ফেরানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ চলছে বলে জানিয়েছে পুলিশ।
