ওয়েব ডেস্ক : ইউটিউবার ধ্রুব রাঠির (Dhruv Rathee) বিরুদ্ধে ২০১৮ সালের মানহানির মামলায় জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল দিল্লির একটি আদালত। শনিবার, ১৭ অক্টোবর এই নির্দেশ দেন বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট রাহুল জৈন। আদালতে জানানো হয়, আগের সমন পৌঁছে দিতে গিয়ে ধ্রুব রাঠির বাড়ি বন্ধ পাওয়া গিয়েছিল। এরপরই তাঁর বিরুদ্ধে নতুন করে পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়। আগামী ৩১ অক্টোবর মামলার পরবর্তী শুনানি।
‘বিজেপি আইটি সেল পার্ট টু’ শীর্ষক একটি ইউটিউব ভিডিওকে কেন্দ্র করে এই মামলা দায়ের করেছিলেন বিকাশ সংস্কৃত্যায়ন। অভিযোগকারীর দাবি, ওই ভিডিওতে তাঁর বিরুদ্ধে একাধিক মিথ্যা ও মানহানিকর অভিযোগ করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই আইনি প্রক্রিয়া চলছে।
আরও খবর : গ্রেটার নয়ডায় একই পরিবারের ৫ জনের রহস্যমৃত্যু, মৃত তিন শিশুও
এর আগে চলতি সপ্তাহে ধ্রুব রাঠির বিরুদ্ধে নতুন করে সমন জারি করেছিল আদালত। মামলার শুনানি এগিয়ে আনার আবেদন জানিয়েছিলেন অভিযোগকারী। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই ১২ অক্টোবর নতুন সমন জারি করা হয় বলে খবর।
জার্মানিতে বসবাসকারী ধ্রুব রাঠি সম্প্রতি ভারতে এসেছিলেন এসআইআর-বিরোধী আন্দোলনে যোগ দিতে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বাতিল এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও অংশ নেন তিনি। সেই সময়ই তাঁর বিরুদ্ধে পুরনো মামলার আইনি পদক্ষেপ নতুন করে সামনে আসে।
এদিকে, শনিবার লন্ডনেও বিক্ষোভের ডাক দিয়েছেন ধ্রুব রাঠি। সমাজমাধ্যমে তিনি জানান, লন্ডনের পার্লামেন্ট স্কোয়ারে মহাত্মা গান্ধীর মূর্তির কাছে দুপুরে জমায়েতের আহ্বান জানিয়েছেন তিনি। এসআইআর এবং নির্বাচন কমিশনকে ঘিরে চলা প্রতিবাদের মধ্যেই তাঁর বিরুদ্ধে আদালতের এই নির্দেশ নতুন করে আলোচনা শুরু হয়েছে।
