ওয়েব ডেস্ক : নতুন সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন স্ত্রী। স্বামীর সঙ্গে সম্পর্কে ফিরতে রাজি হননি তিনি। আর তার জেরেই স্ত্রীকে ছুরি দিয়ে খুনের (Murder) অভিযোগ উঠল আমেরিকার শিকাগোয় (Chicago) বসবাসকারী ৩১ বছরের ভারতীয় বংশোদ্ভূত অঙ্কুর প্যাটেলের বিরুদ্ধে। ঘটনার পর ভারতে পালানোর চেষ্টা করলেও বিমানে ওঠার আগেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে প্রথম ডিগ্রি খুনের মামলা দায়ের হয়েছে।
জানা গিয়েছে, গত অগস্টে এই ঘটনা ঘটে। অঙ্কুর ও তাঁর ৩২ বছরের স্ত্রীর একটি কন্যাসন্তান রয়েছে। চলতি বছরের মে মাসে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর স্ত্রী উইসকনসিনের বাড়ি ছেড়ে চলে যান। পরিবারের সদস্যদের চাপে অল্প সময়ের জন্য স্বামীর কাছে ফিরে এলেও পরে ফের আলাদা হয়ে যান তিনি। এরপর অন্য এক প্রাক্তন সহকর্মীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে লুইজিয়ানায় চলে যান ওই মহিলা। তাঁদের মেয়েকে অঙ্কুরের কাছেই রেখে গিয়েছিলেন তিনি।
অভিযোগ, এরপর থেকেই স্ত্রী ও তাঁর নতুন সঙ্গীকে খুনের হুমকি দিতে শুরু করেন অঙ্কুর। এমনকি মেয়ের সঙ্গে স্ত্রীর কথা বলাতেও বাধা দিতেন তিনি। এই নিয়ে দু’জনের মধ্যে প্রায়ই বিবাদ হত বলে জানা গিয়েছে। ঘটনার প্রায় দু’সপ্তাহ আগে অঙ্কুর শিকাগোয় আত্মীয়দের সঙ্গে থাকতে শুরু করেন। অভিযোগ, স্ত্রীকে না জানিয়েই মেয়েকে ভারতে নিজের বাবা-মায়ের কাছে পাঠিয়ে দেন তিনি।
আরও খবর : বাংলাদেশে সমুদ্রসৈকতের রিসর্টে ভয়াবহ আগুন, ঝলসে মৃত্যু ১০ জনের
এরপর মেয়ের সঙ্গে দেখা করানোর কথা বলে স্ত্রীকে শিকাগোয় ডেকে পাঠান অঙ্কুর। মেয়ের ভারতে চলে যাওয়ার বিষয়টি না জেনেই নতুন সঙ্গীকে নিয়ে শিকাগোয় পৌঁছন ওই মহিলা। তাঁর সঙ্গী বাইরে অপেক্ষা করছিলেন। স্ত্রী অঙ্কুরের অ্যাপার্টমেন্টে ঢোকার পর মেয়েকে সেখানে দেখতে পাননি। বরং অঙ্কুর ফের সম্পর্ক জোড়ার প্রস্তাব দেন। কিন্তু স্ত্রী তাতে রাজি হননি। তিনি নতুন সঙ্গীর সঙ্গেই থাকতে চান বলে জানালে, রাগের মাথায় অঙ্কুর তাঁর গলায় ছুরি দিয়ে আঘাত করেন বলে অভিযোগ।
এদিকে বাইরে অপেক্ষা করতে থাকা মহিলার সঙ্গী বারবার তাঁকে ডাকলেওও কোনও উত্তর পাননি। পরে তিনি পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গেলেও ওই মহিলা কোন অ্যাপার্টমেন্টে ঢুকেছিলেন, তা সঙ্গী নির্দিষ্ট করে বলতে না পারায় সেদিন ফিরে যায়।
পরে অঙ্কুরের কয়েক জন বন্ধু তাঁর সঙ্গে দেখা করতে অ্যাপার্টমেন্টে যান। নির্ধারিত সময়ে অঙ্কুর সেখানে না পৌঁছনোয় তাঁরা খোঁজ নিতে গিয়ে ওয়াশিং মেশিনের কাছে ওই মহিলার দেহ পড়ে থাকতে দেখেন। অঙ্কুরের খোঁজ পাওয়া যায়নি। ময়নাতদন্তে মহিলার শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে ।
অভিযোগ, খুনের পর ভারতে পালানোর উদ্দেশ্যে শিকাগোর ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে যায় অঙ্কুর। কিন্তু টিকিট কাউন্টার বন্ধ থাকায় সেদিন টিকিট কিনতে পারেনি। পরে কাছের একটি হোটেলে ওঠে এবং খুনে ব্যবহৃত ছুরিটি সরিয়ে ফেলার চেষ্টা করে বলে অভিযোগ। এরপর একটি দোকান থেকে নতুন পোশাক কেনে সে। পরের দিন ভারতে যাওয়ার বিমানের টিকিট কাটলেও উড়ানের আগে পুলিশ তাঁকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে অঙ্কুর দাবি করেন, স্ত্রীকে খুন করার ইচ্ছা তাঁর ছিল না। কিন্তু স্ত্রী নতুন সঙ্গীর সঙ্গেই থাকতে চান বলে জানালে সে তাঁকে শেষ করে দেয় বলে অভিযোগ।
