ওয়েব ডেস্ক : নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন একদিনের আন্তর্জাতিক সিরিজের দলে যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal) জায়গা না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন ভারতের প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। তাঁর মতে, প্রতিভাবান এই বাঁহাতি ওপেনারকে আরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ দেওয়া উচিত। বিশেষ করে শেষ দুই একদিনের ম্যাচে শুভমন গিল বিশ্রামে থাকবেন, সেই পরিস্থিতিতে যশস্বীকে দলে নেওয়া যেত বলে মনে করেন অশ্বিন। তাঁর আশঙ্কা, বারবার সুযোগ না পেলে তরুণ ব্যাটারের আত্মবিশ্বাসে প্রভাব পড়তে পারে।
সম্প্রতি নিউজিল্যান্ড (Newzeland) সফরের জন্য ভারতের একদিনের ও টেস্ট দল ঘোষণা করেছে বিসিসিআই। একদিনের সিরিজের জন্য দুটি আলাদা দল বেছে নেওয়া হয়েছে। প্রথম তিন ম্যাচে নেতৃত্ব দেবেন শুভমন গিল। শেষ দুই ম্যাচে দলের দায়িত্ব সামলাবেন শ্রেয়স আইয়ার। কিন্তু কোনও দলেই জায়গা হয়নি যশস্বী জয়সওয়ালের। এই সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলেছেন অশ্বিন।
আরও খবর : নিউজিল্যান্ড সফরের জন্য ঘোষণা হল ভারতের একদিনের ও টেস্ট দল, কারা সুযোগ পেলেন, বাদ পড়লেন কারা?
নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, শেষ দুই ম্যাচে যদি শুভমন গিল না খেলেন, তা হলে যশস্বীকে সেই জায়গায় সুযোগ দেওয়া উচিত ছিল। তাঁর কথায়, যশস্বী একসময় ধারাবাহিকভাবে রান করছিলেন। এমন একজন প্রতিভাবান ক্রিকেটারকে নিয়মিত খেলার সুযোগ না দেওয়া দুর্ভাগ্যজনক। এতে তাঁর আত্মবিশ্বাস ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করেছেন প্রাক্তন স্পিনার।
যশস্বীর আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ কমে যাওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন অশ্বিন (Ravichandran Ashwin)। তাঁর মতে, টেস্ট ক্রিকেটের প্রস্তুতি গুরুত্বপূর্ণ হলেও সেই কারণে একদিনের ক্রিকেটে খেলার সুযোগ পুরোপুরি বন্ধ রাখা উচিত নয়। নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের দায়িত্ব হল, প্রতিভাবান ক্রিকেটারদের যতটা সম্ভব ম্যাচ খেলার সুযোগ করে দেওয়া।
উল্লেখ্য, যশস্বী নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য ভারত ‘এ’ দলের হয়ে লাল বলের ক্রিকেটে খেলবেন। তবে একদিনের দলে তাঁর অনুপস্থিতি নিয়ে ইতিমধ্যেই ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছে। আগামী বছর একদিনের বিশ্বকাপের কথা মাথায় রেখে তরুণ ক্রিকেটারদের পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ দেওয়া কতটা জরুরি, সেই প্রশ্নও উঠে আসছে।
