হেডকোচ পদ থেকে জয়বর্ধনেকে সরিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স

Must Read

ওয়েব ডেস্ক : আইপিএল ২০২৭-এর আগে বড়সড় পরিবর্তনের পথে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। ফ্র্যাঞ্চাইজির সঙ্গে পারস্পরিক সমঝোতায় বিচ্ছেদ হতে চলেছে প্রধান কোচ মহেলা জয়বর্ধনের (Mahela Jayawardene)। এমনই খবর সামনে আসতেই দলের আগামী মরশুমের পরিকল্পনা নিয়ে শুরু হয়েছে আলোচনা। পাশাপাশি, রোহিত শর্মাকে ফের অধিনায়কের দায়িত্ব দেওয়া হতে পারে বলেও জল্পনা তৈরি হয়েছে। তবে রোহিতের অধিনায়কত্বে ফেরার বিষয়ে এখনও কোনও চূড়ান্ত ঘোষণা করা হয়নি।

মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক জয়বর্ধনের (Mahela Jayawardene)। ২০১৭ সালে প্রথমবার দলের প্রধান কোচের দায়িত্ব নেন তিনি। তাঁর প্রশিক্ষণে ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালে আইপিএল খেতাব জেতে মুম্বই। পরে ২০২২ সালে ফ্র্যাঞ্চাইজির বৃহত্তর ক্রিকেট পরিচালনার দায়িত্বেও যুক্ত হন তিনি। ২০২৫ মরশুমে ফের প্রধান কোচের ভূমিকায় ফিরে আসেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক।

জয়বর্ধনের বিদায় প্রসঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের মালিক নীতা আম্বানি তাঁর অবদানের প্রশংসা করেছেন। তাঁর বক্তব্য, দলের প্রতি জয়বর্ধনের নিষ্ঠা, শান্ত নেতৃত্ব এবং ক্রিকেটের প্রতি ভালোবাসা ফ্র্যাঞ্চাইজির কাছে অত্যন্ত মূল্যবান। অন্যদিকে, জয়বর্ধনে জানিয়েছেন, এক দশকেরও বেশি সময় ধরে মুম্বই ইন্ডিয়ান্স তাঁর ক্রিকেটজীবনের বিশেষ অংশ হয়ে রয়েছে। দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সমর্থকদের সঙ্গে কাটানো সময় তাঁর কাছে স্মরণীয় হয়ে থাকবে।

আরও খবর :  নিউজিল্যান্ড সফরের জন্য ঘোষণা হল ভারতের একদিনের ও টেস্ট দল, কারা সুযোগ পেলেন, বাদ পড়লেন কারা?

রোহিতকে ঘিরে বাড়ছে জল্পনা

জয়বর্ধনের বিদায়ের পাশাপাশি মুম্বইয়ের অধিনায়কত্ব নিয়েও আলোচনা তুঙ্গে। ২০২৭ সালের আইপিএলে রোহিত শর্মাকে ফের নেতৃত্বে দেখা যেতে পারে বলে জল্পনা চলছে। মুম্বইকে পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন করেছেন রোহিত। ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালে তাঁর নেতৃত্বেই খেতাব জিতেছিল দল।

২০২৪ সালের আইপিএলের আগে রোহিতের পরিবর্তে হার্দিক পাণ্ড্যকে অধিনায়ক করা হয়। সেই সিদ্ধান্ত ঘিরে তখন যথেষ্ট আলোচনা হয়েছিল। হার্দিকের নেতৃত্বে প্রথম মরশুমে পয়েন্ট তালিকার একেবারে শেষে শেষ করে মুম্বই। যদিও ২০২৫ সালে প্লে-অফে পৌঁছয় দলটি। তবে ২০২০ সালের পর থেকে আর আইপিএল খেতাব জিততে পারেনি তারা। এর মাঝেই জয়বর্ধনেকে সরিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স।

Latest News

স্ত্রীকে খুনের পর আত্মঘাতী গুরুগ্রামের সফটওয়্যার ইঞ্জিনিয়ার!

ওয়েব ডেস্ক : গুরুগ্রামের (Gurugram) অভিজাত আবাসনে দম্পতির রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। পুলিশের প্রাথমিক অনুমান, স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের...

More Articles Like This