ওয়েব ডেস্ক : জার্মানির (Germany) বোখুম শহরে একটি আবাসিক বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল তিন ভারতীয়ের (Indians)। এই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মৃতদের মধ্যে দু’জন তরুণী, তাঁদের বয়স ২৫ ও ২৭ বছর। অন্যজন ২৬ বছরের এক যুবক। দমকলকর্মীরা বহুতলের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তাঁদের মৃতদেহ উদ্ধার করেন।
আহত পাঁচজন ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। তাঁদের উদ্ধার করে বোখুমের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের জাতীয়তা সম্পর্কে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।
আরও খবর : পাকিস্তানে স্কুলের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত বহু পড়ুয়া ও শিক্ষক
ঘটনার তদন্তে নেমে ৪১ বছরের এক রোমানিয়ার নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। ওই ব্যক্তিও একই আবাসনে থাকতেন। খুনের সন্দেহে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, বৈদ্যুতিক বা যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে না। বরং আগুন ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে আগুন ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছিল, নাকি দুর্ঘটনাবশত আগুনের সূত্রপাত, তা এখনও নিশ্চিত নয়।
মঙ্গলবার ভোরে বোখুমের হফস্টেড এলাকায় একটি বহুতল আবাসনে আগুন লাগে। আগুন দ্রুত সিঁড়ি দিয়ে উপরের দিকে ছড়িয়ে পড়ে। ফলে দমকলকর্মীদের পক্ষে সিঁড়ি ব্যবহার করে উপরের তলার ফ্ল্যাটগুলিতে পৌঁছনো কঠিন হয়ে পড়ে। এর জেরে উদ্ধারকাজেও বাধার সৃষ্টি হয়।
