ওয়েব ডেস্ক : পাকিস্তানের পেশোয়ারে (Peshawar) একটি বেসরকারি স্কুলের ছাদ ভেঙে পড়ে মৃত্যু হল বহু পড়ুয়া ও এক শিক্ষিকার। বৃহস্পতিবার ক্লাস চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক রিপোর্টে অন্তত ১৮ জনের মৃত্যুর খবর সামনে এলেও, পরবর্তীতে মৃতের সংখ্যা আরও বেড়েছে। তা বেড়ে হয়েছে ২৮। উদ্ধারকাজ চলার মধ্যেই হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
জানা গিয়েছে, পেশোয়ারের দির কলোনি এলাকায় অবস্থিত আল-খায়ের এডুকেশন সেন্টারে এই দুর্ঘটনা ঘটে। স্কুলের উপরের তলার ছাদ ভেঙে নীচের তলার উপর পড়ে। এর জেরে ক্লাসে থাকা পড়ুয়ারা ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও খবর : ইজরায়েলের নির্দেশ মানল এয়ার ফ্রান্স, ইজরায়েলগামী বিমানে কাজ করতে পারবেন না পাকিস্তানি ক্রুরা
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। লেডি রিডিং হাসপাতালে জরুরি পরিস্থিতি ঘোষণা করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া পড়ুয়াদের খোঁজ চালাচ্ছেন। দুর্ঘটনার সময় স্কুলে ঠিক কতজন পড়ুয়া ও কর্মী উপস্থিত ছিলেন, তা এখনও স্পষ্ট নয়।
কী কারণে স্কুলের ছাদ ভেঙে পড়ল, তা খতিয়ে দেখছেন কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ভবনটির কাঠামোগত দুর্বলতার বিষয়টি সামনে এসেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। পাকিস্তানে নিম্নমানের নির্মাণসামগ্রী এবং নিরাপত্তাবিধি যথাযথভাবে না মানার কারণে অতীতেও একাধিক ভবন ধসের ঘটনা ঘটেছে।
