ওয়েব ডেস্ক : ক্যামাক স্ট্রিট কাণ্ডে (Camac Street Case) ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তলব করল পুলিশ। রবিবার সকালে সমন নিয়ে তাঁর কালীঘাটের বাড়িতে পৌঁছন শেক্সপিয়র সরণি থানার আধিকারিকেরা। পুলিশ সূত্রে খবর, সোমবার থানায় হাজিরা দিতে বলা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে।
এর আগে বুধবার সন্ধ্যাতেও অভিষেকের বাড়িতে নোটিস নিয়ে গিয়েছিল পুলিশ। কিন্তু সে দিন নোটিস গ্রহণ করার মতো কেউ বাড়িতে ছিলেন না। অভিষেক শহরের বাইরে থাকায় নোটিস না দিয়েই ফিরে আসতে হয়েছিল পুলিশকে। দিল্লিতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন তিনি। শনিবার কলকাতায় ফেরেন অভিষেক। তার পর রবিবার ফের তাঁর বাড়িতে যায় পুলিশ।
আরও খবর : উৎসবের মুখে দূষণে বিশ্বের শীর্ষে কলকাতা! বাতাসের মান নিয়ে বাড়ছে উদ্বেগ
গত ২৭ অগস্ট ক্যামাক স্ট্রিটে অভিষেকের (Abhishek Banerjee) দফতরের একটি বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল। পুলিশ ও কলকাতা পুরসভার আধিকারিকদের সঙ্গে অভিষেকের অনুগামীদের বচসা হয়। সেই সময় ধাক্কাধাক্কি ও হাতাহাতির অভিযোগ ওঠে। পরে ভবনের ছাদ থেকে তৃণমূলের নাম ও জোড়াফুল প্রতীক থাকা বিলবোর্ডটি খুলে নেওয়া হয়।
বিলবোর্ডটি বেআইনিভাবে বসানো হয়েছিল এবং তা এলাকার নিরাপত্তার পক্ষে বিপজ্জনক ছিল বলে অভিযোগ ওঠে। ঘটনার পর শেক্সপিয়র সরণি থানায় তিনটি এফআইআর দায়ের হয়। সেই মামলাগুলির তদন্ত করছে পুলিশ। এর মধ্যে একটি মামলায় আগেই অভিষেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এবার ফের তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্তকারীরা।
