ওয়েব ডেস্ক : হাওড়ায় নবান্নের (Nabanna) কাছেই এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। রবিবার সকাল ১১টা নাগাদ শরৎ চ্যাটার্জি রোডে দু’টি বহুতলের মাঝের রাস্তা থেকে দেহটি উদ্ধার হয়। নবান্ন থেকে জায়গাটির দূরত্ব প্রায় ১৫০ মিটার। স্থানীয় বাসিন্দারা যুবককে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
জানা গিয়েছে, মৃতের নাম অঞ্জন চক্রবর্তী ওরফে ছোটকা। বয়স ৩৫ বছর। তিনি ওই এলাকারই বাসিন্দা বলে জানা গিয়েছে। দেহ উদ্ধারের সময় তাঁর মাথা থেকে রক্ত বেরোচ্ছিল। কাছেই বেশ কিছু পেরেক পড়ে থাকতে দেখা যায়। কী ভাবে তাঁর মাথায় আঘাত লাগল, তা খতিয়ে দেখছে পুলিশ (Police)।
আরও খবর : পুজোর মুখে আবহাওয়ার মেজাজ কেমন? রোদ-বৃষ্টির লুকোচুরি নিয়ে কী বলছে হাওয়া অফিস
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চ্যাটার্জিহাট থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
পেশায় ইলেক্ট্রিশিয়ান ছিলেন অঞ্জন। স্থানীয়দের দাবি, তিনি নিয়মিত নেশা করতেন। পুলিশের প্রাথমিক অনুমান, নেশাগ্রস্ত অবস্থায় পড়ে গিয়ে মাথায় আঘাত লাগার জেরে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
