ওয়েব ডেস্ক : বয়স মাত্র ১৫। কিন্তু ব্যাট হাতে ইতিমধ্যেই ক্রিকেটবিশ্বের নজর কেড়েছে বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। ভারতীয় ক্রিকেটের এই তরুণ প্রতিভার প্রশংসায় পঞ্চমুখ নিউজিল্যান্ডের পেসার লকি ফার্গুসন (Lockie Ferguson)। বৈভবকে ‘অবিশ্বাস্য প্রতিভা’ বলে উল্লেখ করেছেন তিনি।
আইপিএলে বৈভবের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা রয়েছে ফার্গুসনের। সেই অভিজ্ঞতা থেকেই তরুণ ব্যাটারের দক্ষতার প্রশংসা করেছেন নিউজিল্যান্ডের এই পেসার। তাঁর মতে, আইপিএলে পরপর মরসুমে বৈভবের ধারাবাহিক পারফরম্যান্সই প্রমাণ করে যে ভারতীয় দলে জায়গা পাওয়ার যোগ্যতা রয়েছে এই কিশোরের।
আরও খবর : জাতীয় দলের শিবির ছাড়ার জের, সাময়িক নির্বাসিত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! তদন্ত শুরু পর্তুগাল ফেডারেশনের
রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফার্গুসন (Lockie Ferguson) বলেন, বৈভব সত্যিই অসাধারণ প্রতিভা। আইপিএলে তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে। তাই ভারতীয় দলে তাঁর অন্তর্ভুক্তি একেবারেই অপ্রত্যাশিত নয়। নিউজিল্যান্ডের মাটিতে এই তরুণকে খেলতে দেখার অপেক্ষায় রয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
ভারতের আসন্ন নিউজিল্যান্ড সফরে দুই টেস্ট, পাঁচটি একদিনের ম্যাচ এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা। ফার্গুসন বলেছেন, “ও প্রথম বার এই দেশে খেলবে। আশা করছি, ভাল লড়াই হবে।” ভারতীয় দলকেও যথেষ্ট শক্তিশালী বলে উল্লেখ করেছেন ফার্গুসন। তাঁর কথায়, ভারতের মতো দলকে ঘরের মাঠে আতিথ্য দেওয়া নিউজিল্যান্ডের কাছে বড় অভিজ্ঞতা হতে চলেছে।
আইপিএলে প্রায় এক দশক ধরে খেলছেন ৩৫ বছর বয়সি ফার্গুসন। কলকাতা নাইট রাইডার্স এবং গুজরাত টাইটান্স-সহ একাধিক দলের হয়ে খেলেছেন তিনি। ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে খেলা এবং তাঁদের বিরুদ্ধে মাঠে নামার অভিজ্ঞতা থেকে তাঁদের প্রস্তুতি ও খেলার মানসিকতা সম্পর্কেও অনেক কিছু শিখেছেন বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের এই পেসার। নিউজিল্যান্ডের পিচে বাড়তি সুইং ও বাউন্স পেসারদের সুবিধা দিতে পারে বলেও মনে করেন ফার্গুসন। ভারতীয় পেসার অর্শদীপ সিংয়ের প্রসঙ্গ টেনে তিনি জানান, নিউজিল্যান্ডের পরিবেশে বল করার সুযোগ উপভোগ করবেন অর্শদীপ।
