ওয়েব ডেস্ক : দিল্লিতে ককরোচ জনতা পার্টি বা সিজেপির (CJP) বিক্ষোভ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। একান্ত প্রয়োজন না হলে রাজধানীর বিভিন্ন জায়গায় বসানো ব্যারিকেড সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। পাশাপাশি, সুপ্রিম কোর্ট ও অন্যান্য আদালতে যাতায়াতে যাতে কোনও বাধা না থাকে, তা নিশ্চিত করতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারায় জারি করা বিধিনিষেধ প্রত্যাহারেরও নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার বিশেষ শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ জানায়, সাধারণ মানুষের যাতায়াত স্বাভাবিক করতে হবে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রয়োজনে যুক্তিসংগত নিয়ন্ত্রণ রাখা যেতে পারে। আদালতে প্রবেশ বা বেরোনোর ক্ষেত্রে যাতে বিচারপ্রার্থীদের কোনও অসুবিধা না হয়, তা নিশ্চিত করার নির্দেশও দিয়েছে বেঞ্চ।
আরও খবর : গ্রেফতার নয়, আমাকে অপহরণ করা হয়েছিল: ধ্রুব রাঠি
সিজেপির (CJP) ডাকা বিক্ষোভের জেরে ১০ অক্টোবর দিল্লির একাধিক মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছিল। এই সিদ্ধান্তকে আদালতের আগের নির্দেশের অবমাননা বলে অভিযোগ করেন মামলাকারী আইনজীবী শৈলেন্দ্র মণি ত্রিপাঠী। শুক্রবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ কেন্দ্রকে নির্দেশ দিয়েছিল, বিক্ষোভের কারণে দিল্লিতে আসা মেট্রো ও ট্রেন চলাচল যেন সম্পূর্ণ বন্ধ না করা হয়।
রবিবারের শুনানিতে সুপ্রিম কোর্ট (Supreme Court) স্পষ্ট করে দিয়েছে, শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার নাগরিকদের রয়েছে। তবে সেই অধিকার প্রয়োগ করতে হবে আইন মেনে। বিচারপতি বাগচী বলেন, প্রতিবাদের অধিকার থাকলেও কেউ বলতে পারেন না যে সেই অধিকার পুলিশ আইনের ঊর্ধ্বে। দিল্লিতে আটক করার ঘটনা এবং তার নেপথ্যের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে আদালত। দিল্লি পুলিশ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব এবং দিল্লি মেট্রো রেল কর্পোরেশনকে নোটিস পাঠানো হয়েছে। আগামী মঙ্গলবারের মধ্যে নির্দেশ পালন সংক্রান্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
