ওয়েব ডেস্ক: প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল। তবে একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, সাদা বলের ক্রিকেট তিনি চালিয়ে যাবেন এবং জাতীয় দলে প্রত্যাবর্তন করার লড়াই জারি রাখবেন তিনি। ভারতের হয়ে কখনোই টেস্ট ম্যাচ খেলা হয়নি তাঁর। প্রথম শ্রেণির ক্রিকেটে শেষ ম্যাচ খেলেছেন লর্ডসের মাঠে, ইংল্যান্ডের কাউন্টি ক্লাব নর্দাম্পটনশায়ারের হয়ে।
চাহাল তাঁর কেরিয়ারে ৪৯টি প্রথম-শ্রেণির ম্যাচ খেলে ৩২.২৭ গড়ে ১৪৮টি উইকেট নিয়েছেন। তাঁর সেরা বোলিং পরিসংখ্যান হল ৬/২৫। সম্প্রতি নর্দাম্পটনশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলেছেন তিনি এবং লর্ডসে মিডলসেক্সের বিরুদ্ধে নিজের শেষ ম্যাচে দুটি উইকেট শিকার করেন।
২০২৬-২৭ মরশুমে ৩৬ বছর বয়সি লেগস্পিনার কাউন্টি চ্যাম্পিয়নশিপে পাঁচটি ম্যাচ খেলে ২১টি উইকেট পেয়েছেন। এর মধ্যে ডারহামের বিপক্ষে ম্যাচে তিনি মোট ন’টি উইকেট নেন, যার মধ্যে প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার দুরন্ত কৃতিত্বও ছিল।
আরও পড়ুন: শচীনের ১০০ সেঞ্চুরির রেকর্ড ভাঙবেন কোহলি! প্রবল হচ্ছে সম্ভাবনা
শুক্রবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে চাহাল লেখেন, আমি প্রথম যে ক্রিকেট বলটা হাতে ধরেছিলাম, সেটা ছিল লাল রঙের। তখন আমার বয়স ১০ বছর, তখন ভাবতেই পারিনি যে এই কতটা গভীরভাবে এই খেলার প্রেমে পড়ব। আমার কাছে লাল বলের ক্রিকেট কখনোই কেবল খেলার আরেকটা ধরন বা ফরম্যাট ছিল না। এই খেলার মাধ্যমেই আমি ধৈর্য, চারিত্রিক দৃঢ়তা ও অদম্য মানসিকতার অর্থ বুঝেছি। আর শিখেছি ঘণ্টার পর ঘণ্টা মাঠে টিকে থেকে প্রতিটি রান ও উইকেটের জন্য লড়াই করার সেই নির্মল আনন্দ।
চাহাল আরও বলেন, লর্ডসে আমি আমার শেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলেছি। কথাটা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়ছি, কারণ টেস্ট ক্যাপ পাওয়া ছিল আমার দীর্ঘদিনের লালিত এক স্বপ্ন। হয়তো সেই স্বপ্ন পূরণ হয়নি, তবে আমার এই যাত্রাপথ নিয়ে আমি সত্যিই সন্তুষ্ট এবং এই ফরম্যাটে পাওয়া প্রতিটি সুযোগের জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ।
এরপর ভারতীয় লেগস্পিনার বলেন, লাল বলের ক্রিকেট আমাকে আমার জীবনের অন্যতম সেরা কিছু স্মৃতি উপহার দিয়েছে, এমন কিছু যা আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। তবে আমি এখনও ফুরিয়ে যাইনি। দেশের হয়ে খেলার তীব্র আকাঙ্ক্ষা আমার মধ্যে এখনও প্রবলভাবে রয়েছে। আমার বিশ্বাস, আমার মধ্যে এখনও ক্রিকেট অবশিষ্ট আছে; তাই ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে আবারও সুযোগ করে নেওয়ার জন্য আমি আমার সর্বস্ব উজাড় করে দেব।
