SIR-এ বাদ পড়া ভোটারদের নাম ফেরাতে বড় উদ্যোগ, ২০ রাজ্যে বিশেষ অভিযান কমিশনের

Must Read

ওয়েব ডেস্ক : ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-পর্বে নাম বাদ পড়া যোগ্য ভোটারদের তালিকায় ফেরানোর উদ্যোগ নিল নির্বাচন কমিশন (Election Commission)। বিশেষ নিবিড় সংশোধনের কাজ শেষ হওয়া ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ১৮ বছর পূর্ণ করা তরুণ এবং প্রথমবার ভোট দিতে চলা নাগরিকদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার উপর জোর দেওয়া হয়েছে।

কমিশনের নির্দেশ অনুযায়ী, জেলা নির্বাচনী আধিকারিক এবং ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের নেতৃত্বে এই বিশেষ অভিযান চলবে। বিশেষ নিবিড় সংশোধন (SIR) চলাকালীন বা তার পরে কোনও যোগ্য নাগরিকের নাম তালিকায় না থাকলে তিনি নিয়মিত সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে নাম অন্তর্ভুক্তির আবেদন করতে পারবেন। এর জন্য ব্যবহার করতে হবে ফর্ম ৬। এই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন বুথ লেভেল অফিসার বা বিএলওরা। কমিশনের নির্দেশ অনুযায়ী, তাঁরা বাড়ি বাড়ি গিয়ে বাদ পড়া ভোটার এবং নতুন ও প্রথমবারের ভোটারদের চিহ্নিত করবেন। সংশ্লিষ্ট ব্যক্তি ভোটার হিসেবে যোগ্য হলে ফর্ম ৬ পূরণে প্রয়োজনীয় সহায়তাও করবেন বিএলওরা।

আরও খবর :  জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে পথে বিরোধীরা, দিল্লি-মুম্বইয়ে কড়া নিরাপত্তা

নির্দেশে বলা হয়েছে, প্রত্যেক বিএলওকে প্রতি সপ্তাহে অন্তত ২০ থেকে ২৫ জন ভোটারের বিষয়ে কাজ করতে হবে। প্রায় এক মাসের মধ্যে এই বিশেষ অভিযান শেষ করার লক্ষ্য রাখা হয়েছে। তালিকা তৈরির সময় সংশ্লিষ্ট ভোটারের বর্তমান পরিস্থিতিও নথিভুক্ত করতে হবে। যাঁদের হয়ে ফর্ম ৬ পূরণ করা হয়েছে, তাঁদের বিষয়টিও আলাদা করে উল্লেখ করতে বলা হয়েছে।

এদিকে SIR-এর বিভিন্ন পর্যায়ে বিপুল সংখ্যক নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়া নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের খসড়া তালিকা থেকে বাদ পড়া প্রায় ১৩ কোটি নামের সংখ্যা সামনে এসেছে। তবে নির্বাচন কমিশন স্পষ্ট করেছে, এই সংখ্যা খসড়া তালিকা থেকে বাদ পড়া নামের হিসাব এবং তাঁদের প্রত্যেককে ভুলভাবে বাদ দেওয়া হয়েছে—এমনটা বলা যায় না।

গোয়ার ঘটনাও এই প্রক্রিয়ার জটিলতা সামনে এনেছে। সেখানে বাদ পড়া ভোটারদের মধ্যে ৯৭ জনকে যোগ্য বলে চিহ্নিত করা হয়েছিল বলে রিপোর্টে উঠে এসেছে। পরে তাঁদের নাম অন্তর্ভুক্তির বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়। এই ধরনের ঘটনা সামনে আসার পর বাদ পড়া যোগ্য ভোটারদের ফের তালিকায় আনার প্রক্রিয়ায় বিশেষ নজর দেওয়া হচ্ছে।

Latest News

ভিয়েতনাম-কম্বোডিয়া ঘুরতে নতুন প্যাকেজ আইআরসিটিসির, খরচ কত?

ওয়েব ডেস্ক : বিদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন? এবার চেন্নাই থেকে ভিয়েতনাম (Vietnam) ও কম্বোডিয়া (Combodia) ঘোরার জন্য বিশেষ প্যাকেজ...

More Articles Like This