ওয়েব ডেস্ক : ইজরায়েলগামী বিমানে (Plane) মাঝআকাশে হাইজ্যাকের (Hijack) আতঙ্ক! প্রায় ১৮০ জন যাত্রী নিয়ে দুবাই থেকে তেল আভিভের উদ্দেশে রওনা হয়েছিল ফ্লাইদুবাইয়ের একটি বিমান। সৌদি আরবের আকাশসীমায় পৌঁছনোর পর বিমানটি জরুরি সংকেত পাঠায়। এরপরই নির্ধারিত পথ বদলে সৌদি আরবের দিকে ঘুরিয়ে দেওয়া হয় বিমানটিকে। ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানটি দুবাই থেকে ইজরায়েলের তেল আভিভের দিকে যাচ্ছিল। সৌদি আরবের আকাশসীমার উপর দিয়ে যাওয়ার সময় আচমকাই জরুরি পরিস্থিতির সংকেত পাঠানো হয়। এরপর বিমানটির গতিপথ পরিবর্তন করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। বিমানে প্রায় ১৮০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে।
আরও খবর : আমেরিকা যাওয়ার পথে ইথিওপিয়ায় অপহৃত গুজরাতের যুবক-সহ ৩, মুক্তিপণ চাওয়া হল ১ কোটি টাকা?
ঘটনার পর বিমানটির গতিপথ পরিবর্তনের কারণ নিয়ে শুরু হয়েছে তদন্ত। প্রাথমিকভাবে সম্ভাব্য হাইজ্যাকের আশঙ্কা তৈরি হলেও, এখনও বিমানটি সত্যিই হাইজ্যাক হয়েছিল কি না তা নিশ্চিত করা হয়নি। জরুরি সংকেত কেন পাঠানো হয়েছিল, সেটিই এখন খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার আবহে এই ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে। তেল আভিভগামী বিমান হওয়ায় নিরাপত্তার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
