ওয়েব ডেস্ক : আর্থিক অনিয়মের অভিযোগের তদন্তে এবার ইডির দফতরে হাজির প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen)। বুধবার বেলা ১১টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি। নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পরে হাজিরা দেন প্রাক্তন মন্ত্রী। পুজোর পাস বিক্রি সংক্রান্ত মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ইডি সূত্রে খবর।
২০২১ সালে কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর ‘মাস আর্ট’ নামে একটি সংগঠন তৈরি হয়। অভিযোগ, ওই সংগঠন নিজেদের ইউনেস্কোর সঙ্গে যুক্ত বলে প্রচার করে কলকাতার বিভিন্ন পুজো ঘোরানোর জন্য পাশ বিক্রি করেছিল। তদন্তকারীদের দাবি, ইউনেস্কোর নাম এবং লোগো ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে চড়া দামে ওই পাস বিক্রি করা হয়।
আরও খবর : পুজোর আগে আবহাওয়ার বড় আপডেট
এই ঘটনায় ইন্দ্রনীল সেনের (Indranil Sen) স্ত্রী মধুছন্দা সেনের নামও তদন্তে উঠে এসেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ‘মাস আর্ট’-এর সঙ্গে তাঁর যোগ ছিল। গোটা ঘটনায় প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকার আর্থিক অনিয়ম হয়ে থাকতে পারে বলে অভিযোগ তদন্তকারীদের।
ঘটনার সূত্রপাত একটি অভিযোগকে কেন্দ্র করে। জুন মাসে জয়দীপ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি বউবাজার থানায় আর্থিক তছরুপের অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে ইডি। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ আগেই অস্বীকার করেছিলেন ইন্দ্রনীল সেন।
