ওয়েব ডেস্ক : এশিয়ান গেমসে (Asian Games 2026) ফের সোনালি সাফল্য ভারতের। বুধবার কম্পাউন্ড আর্চারিতে জোড়া সোনা জিতল ভারতীয় দল। মিক্সড টিম ইভেন্টে সাহিল যাদব ও চিকিথা তানিপার্থি সোনা জেতার পাশাপাশি ২০২৮ সালের অলিম্পিকের যোগ্যতাও নিশ্চিত করলেন। একই দিনে মহিলা কম্পাউন্ড দলও সোনা ধরে রাখল বিশ্বরেকর্ডের সমান স্কোর করে।
মিক্সড টিমের ফাইনাল ছিল টানটান উত্তেজনার। সাহিল ও চিকিথা দক্ষিণ কোরিয়ার অভিজ্ঞ জুটি পার্ক জুনঘিউন ও চোই ইয়ংহির বিরুদ্ধে নির্ধারিত লড়াইয়ে সমতা তৈরি হওয়ার পর শুট-অফে পৌঁছন। সেখানে চাপের মুহূর্তেও নিজেদের সেরাটা দেন দুই ভারতীয়। দু’টি প্রচেষ্টাতেই নিখুঁত ১০ করে মোট ২০ পয়েন্ট সংগ্রহ করেন তাঁরা। দক্ষিণ কোরিয়ার জুটি থেমে যায় ১৯ পয়েন্টে। মাত্র এক পয়েন্টের ব্যবধানেই সোনা নিশ্চিত করে ভারত।
এর আগে সেমিফাইনালে থাইল্যান্ডকে ১৫৬-১৫৫ ব্যবধানে হারিয়েছিল ভারতীয় জুটি। এশিয়ান গেমসে অভিষেকেই সাহিল ও চিকিথার এই সাফল্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কম্পাউন্ড আর্চারিতে বছরের শুরুতে কোচ না থাকার মতো সমস্যার মধ্যেও ভারতীয় দল নিজেদের প্রস্তুতি চালিয়ে যায়। এবার প্রাক্তন আমেরিকান বিশ্বনম্বর এক কম্পাউন্ড আর্চার ডেভ কাজিন্সের কোচিংয়ে সাফল্যের নতুন অধ্যায় লিখল দল।
আরও খবর : এশিয়ান গেমসে ভারতের সোনার দৌড়, ৪x৪০০ মিটার রিলেতে দুরন্ত জয়
শুধু মিক্সড টিম নয়, মহিলা কম্পাউন্ড দলও এদিন সোনা জিতেছে। জ্যোতি সুরেখা ভেন্নাম, চিকিথা তানিপার্থি ও পৃথ্বিকা প্রদীপের ত্রয়ী ফাইনালে চিনকে টপকে ২৩৮ স্কোর করে সোনা ধরে রাখে। এই স্কোর বিশ্বরেকর্ডের সমান। একই সঙ্গে এটি এশিয়ান ও এশিয়ান গেমসের রেকর্ডেরও সমান। ২০২৩ সালের হাংঝৌ এশিয়ান গেমসে জেতা সোনা এবারও ধরে রাখল ভারতীয় মহিলা দল।
এই সাফল্যের আরও একটি বিশেষ দিক রয়েছে। মহিলা দলের তিন সদস্যের মধ্যে চিকিথা ও পৃথ্বিকা প্রথমবার এশিয়ান গেমসে অংশ নিয়েছেন। অভিজ্ঞ জ্যোতি সুরেখার নেতৃত্বে দুই তরুণ তীরন্দাজ প্রত্যাশার চাপ সামলে নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছেন।
