ওয়েব ডেস্ক : নির্বাচন কমিশনের কার্যপদ্ধতি এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে (Supreme Court) দায়ের হওয়া মামলার দ্রুত শুনানি হতে চলেছে। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ আগামী সপ্তাহে মামলাটির শুনানি করবে।
আইনজীবী বিকাশ সিংহ প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে মামলাটি দ্রুত শুনানির জন্য তোলেন। তাঁর বক্তব্য, একজন মুখ্য নির্বাচন কমিশনার এবং দুই নির্বাচন কমিশনারকে নিয়ে গঠিত কমিশনে সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে অথবা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নেওয়ার কথা। কিন্তু বর্তমানে কমিশন যেভাবে কাজ করছে, তাতে সব সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে নেওয়া হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
আরও খবর : বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানে সফটওয়্যার ত্রুটি, ভারতের ৯৬ বিমানে প্রভাবের আশঙ্কা
ঘটনার সূত্রপাত ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর একটি সংবাদ প্রতিবেদনে। সেখানে দাবি করা হয়েছিল, গত ১০ মাসে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে অন্য দুই নির্বাচন কমিশনার অন্তত ১৪ বার লিখিত আপত্তি জানিয়েছিলেন। সেই আপত্তি উপেক্ষা করে সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ ঘিরে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে। বিতর্কের মুখে কমিশনের ব্যাখ্যা, নির্বাচন কমিশনারদের মধ্যে মতবিরোধ থাকলেও ঐকমত্যের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশন এই ব্যাখ্যা দিলেও বিতর্ক থামেনি।
এই পরিস্থিতিতে জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) বিরুদ্ধে একক ভাবে সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলাও দায়ের হয়েছে। মামলাকারীর তরফে সংশ্লিষ্ট সিদ্ধান্তগুলি খারিজ করার পাশাপাশি মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালানোর আবেদন জানানো হয়েছে। আগামী সপ্তাহে মামলাটির শুনানি হবে।
