ওয়েব ডেস্ক : বোয়িং ৭৩৭ ম্যাক্স (Boeing 737 MAX) বিমানের সফটওয়্যারে একটি ত্রুটি ধরা পড়েছে। এর জেরে অবতরণের একটি বিশেষ পরিস্থিতিতে বিমানের স্বয়ংক্রিয় উড়ান নির্দেশনা ব্যবস্থা বিচ্ছিন্ন হতে পারে। এই সমস্যার প্রভাব ভারতের প্রায় ৯৬টি ৭৩৭ ম্যাক্স বিমানে পড়তে পারে!
ভারতে এই মডেলের বিমান ব্যবহার করে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস (Air India Express) ও আকাসা এয়ার (Akasa Air)। এর মধ্যে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের প্রায় ৫৩টি এবং আকাসা এয়ারের ৪৩টি বিমান এই সমস্যার আওতায় পড়তে পারে। তবে এই ত্রুটির কারণে বিমানের নিরাপদ পরিচালনা বন্ধ হয়ে যাচ্ছে, এমনটা নয়।
আরও খবর : পুজোর ‘ভুয়ো পাস’ বিক্রির অভিযোগ, ইন্দ্রনীল সেনের বাড়িতে ইডির তল্লাশি
বোয়িং জানিয়েছে, গত মাসেই বিশ্বের সমস্ত ৭৩৭ ম্যাক্স পরিচালনাকারী সংস্থাকে বিষয়টি জানানো হয়েছে। সংস্থার তরফে স্থায়ী সমাধানের জন্য সফটওয়্যার পরিবর্তনের কাজ চলছে। কোনও বিমান অবতরণের সময় নির্ধারিত পথ থেকে সরে গিয়ে নতুন পথে অবতরণের চেষ্টা করলে বিশেষ পরিস্থিতিতে এই সমস্যা দেখা দিতে পারে।
আকাসা এয়ার জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে বোয়িংয়ের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে। সংস্থার দাবি, নির্ধারিত নিয়ম মেনেই বিমানগুলি নিরাপদে পরিচালনা করা সম্ভব।
বোয়িংয়ের পরামর্শ অনুযায়ী, অবতরণের চেষ্টা ব্যর্থ হওয়ার পর নতুন করে অবতরণের পথে গেলে নির্দিষ্ট পদ্ধতিতে উড়ান নির্দেশনা ব্যবস্থা পুনরায় চালু করার কথা বলা হয়েছে। অর্থাৎ সফটওয়্যার সমস্যার কারণে বিমানটি নিয়ন্ত্রণের অযোগ্য হয়ে পড়বে, এমন কোনও তথ্য নেই। প্রয়োজনে পাইলটরা নিজস্ব নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে বিমান পরিচালনা করতে পারেন।
উল্লেখ্য, ৭৩৭ ম্যাক্স বিমানকে ঘিরে এর আগেও একাধিক বড় দুর্ঘটনা ঘটেছে। ২০১৮ সালে ইন্দোনেশিয়ায় এবং ২০১৯ সালে ইথিওপিয়ায় এই মডেলের বিমান দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছিল। তবে বর্তমান সফটওয়্যার সমস্যাটিকে ওই দুর্ঘটনাগুলির সঙ্গে সরাসরি যুক্ত করা হয়নি।
