ওয়েব ডেস্ক : নন্দীগ্রাম উপনির্বাচনের (Nandigram Bypoll) আগে বড় আইনি স্বস্তি পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান (Milan Pradhan)। কলকাতা হাই কোর্টের নির্দেশে অন্তর্বর্তী জামিন পেলেন তিনি। তাঁকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে আদালত। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশে ২০ অক্টোবর পর্যন্ত এই অন্তর্বর্তী জামিন কার্যকর থাকবে।
মিলন প্রধানের (Milan Pradhan) বিরুদ্ধে থাকা ছ’টি মামলাকে কেন্দ্র করেই এই আইনি লড়াই। আদালতের নির্দেশ অনুযায়ী জামিনে থাকাকালীন তাঁকে তদন্তে সহযোগিতা করতে হবে। নির্দিষ্ট শর্তও মানতে হবে তাঁকে। জামিনের মেয়াদ শেষ হলে ২১ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করতে হবে মিলনকে।
আরও খবর : পুজোর ‘ভুয়ো পাস’ বিক্রির অভিযোগ, ইন্দ্রনীল সেনের বাড়িতে ইডির তল্লাশি
নন্দীগ্রাম উপনির্বাচন আগামী ৬ অক্টোবর। তার আগে ৪ অক্টোবর পর্যন্ত প্রচার চলবে। ফলে আদালতের এই নির্দেশের পর নির্বাচনী প্রচারে সরাসরি অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন কংগ্রেস প্রার্থী। এর আগে ২০০৭ সালের নন্দীগ্রাম আন্দোলন-পর্বের পুরনো মামলায় গ্রেফতার হয়ে তিনি হেফাজতে ছিলেন।
মিলন প্রধানের গ্রেফতারির পর তাঁর হয়ে একাধিকবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) আবেদন করা হয়। আদালতে তাঁর আইনজীবীরা পুরনো মামলাগুলির প্রেক্ষাপট তুলে ধরেন এবং ভোটে লড়াই ও প্রচারের সুযোগ দেওয়ার আবেদন জানান। এদিন সওয়াল জবাবের পর মঙ্গলবার অন্তর্বর্তী জামিনের নির্দেশ দেয় আদালত।
