ওয়েব ডেস্ক : নিয়োগ দুর্নীতির তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল বা সিট ভেঙে দেওয়ার আবেদন করল সিবিআই (CBI)। সিবিআইয়ের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল জানান, তদন্তকারী দলের একাধিক আধিকারিক অবসর নিয়েছেন বা শীঘ্রই অবসর নেবেন। ফলে তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার প্রয়োজন রয়েছে।
শুনানিতে চাকরিপ্রার্থীদের আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত সিবিআইয়ের আবেদনের বিরোধিতা করেন। তিনি ইডিকে দেওয়া সন্তু গঙ্গোপাধ্যায়ের একটি চিঠির প্রসঙ্গ আদালতের সামনে তুলে ধরেন। সেই চিঠিও বিচারপতি অমৃতা সিনহার হাতে তুলে দেওয়া হয়। তাঁর দাবি, ওই চিঠি সামনে আসার পরেও সিবিআই তদন্ত বন্ধ করে দিতে চাইছে।
আরও খবর : নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন মিলন প্রধানের
এর পরেই সিবিআইয়ের (CBI) কাছে তদন্তের অগ্রগতি জানতে চান বিচারপতি অমৃতা সিনহা। তদন্ত কোন পর্যায়ে রয়েছে, এখনও পর্যন্ত তদন্তে কী কী তথ্য উঠে এসেছে এবং আগামী দিনে তদন্তের গতিপথ কী হতে পারে, তা আদালত জানতে চায়।
তবে এই মামলাটি ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় সিবিআইয়ের আবেদনটি আপাতত তালিকার বাইরে করে দেওয়া হয়েছে। বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন, প্রয়োজন মনে করলে সিবিআই সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানাতে পারে।
বস্তুত, সিবিআইকে এই সিট গঠনের নির্দেশ দিয়েছিলেন হাই কোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর পর্যবেক্ষণ ছিল, নিয়োগ দুর্নীতির শিকড় বহু দূর পর্যন্ত বিস্তৃত থাকতে পারে। সেই কারণে ২০২২ সালে সিবিআইকে সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছিলেন তিনি। এ বার সেই সিট ভেঙে দেওয়ার আর্জি নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হল সিবিআই।
