মায়ানমারে বাজারের কাছে সেনার বিমান হামলা, নিহত অন্তত ৪৯ আহত ৫৮

Must Read

ওয়েব ডেস্ক : মায়ানমারের (myanmar) পশ্চিমাঞ্চলীয় রাখাইন প্রদেশে একটি বাজারের কাছে বিমান হামলায় মৃত্যু হল অন্তত ৪৯ জনের। আহত হয়েছেন আরও ৫৮ জন। সোমবার এই হামলা হয়েছে বলে জানিয়েছে আরাকান আর্মি এবং স্থানীয় উদ্ধারকারী দলের এক আধিকারিক।

হামলার ঘটনা ঘটেছে কিয়াউকতাও এলাকায়। অঞ্চলটি বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। আরাকান আর্মির দাবি, স্থানীয় সময় দুপুরের দিকে একটি যুদ্ধবিমান থেকে বাজারের কাছে দুটি বোমা ফেলা হয়। ঘটনায় বাজারের ব্যবসায়ী, ক্রেতা এবং পথচারীদের মধ্যে বহু মানুষ হতাহত হয়েছেন। আহতদের মধ্যে ২২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ওই সংগঠন।

আরও খবর :  রাশিয়ার বিরুদ্ধে রোবট-ড্রোনের বড় অভিযান, সাফল্যের দাবি ইউক্রেনের

রাখাইনের উদ্ধারকারী দলের আধিকারিক ওয়াই হুন অংও হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, ওই বাজারটি এলাকার অন্যতম প্রধান পাইকারি বাণিজ্যকেন্দ্র। ফলে বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ী এবং সাধারণ মানুষের ভিড় থাকে সেখানে। হামলার পর বেশ কিছু বাড়িতে আগুন এবং যানবাহন ক্ষতিগ্রস্ত হওয়ার ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে।

আরাকান আর্মি জানিয়েছে, হামলার সঙ্গে সরাসরি যুক্ত ব্যক্তি ও সংগঠনগুলির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, মায়ানমার সেনাবাহিনী অতীতে দাবি করেছে যে তাদের বিমান হামলার লক্ষ্য থাকে সামরিক অবস্থান এবং তারা প্রতিরোধকারী গোষ্ঠীগুলিকে সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করেছে।

২০২১ সালে মায়ানমারে সেনা ক্ষমতা দখলের পর থেকেই দেশের বিভিন্ন অংশে সংঘর্ষ চলছে। রাখাইনেও দীর্ঘদিন ধরে সেনাবাহিনী এবং আরাকান আর্মির মধ্যে লড়াই চলছে। গত কয়েক বছরে আরাকান আর্মি প্রদেশটির একাধিক এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। সংঘর্ষের জেরে ওই অঞ্চলে বাণিজ্যপথ ব্যাহত হওয়ার পাশাপাশি খাদ্যসংকটও আরও বেড়েছে।

Latest News

কবে প্রকাশিত হবে ২০২৭ বিশ্বকাপের সূচি? সামনে এল বড় খবর

ওয়েব ডেস্ক : ২০২৭ সালের একদিনের বিশ্বকাপের (Cricket world cup 2027) সূচি চূড়ান্ত হয়ে গিয়েছে। আগামী ১ অক্টোবর বৃহস্পতিবার...

More Articles Like This