ওয়েব ডেস্ক : মধ্যপ্রদেশের (Madhyapradesh) উজ্জয়িনীতে শাহী মসজিদ নিয়ে উত্তেজনার নেপথ্যে উঠে এসেছে ভুয়ো AI-নির্মিত ভিডিওর (Fake ai video) অভিযোগ। পুলিশ ও প্রশাসনের দাবি, সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ভিডিও ছড়ানো হয়েছিল যেখানে পুরো শাহী মসজিদ ভেঙে ফেলার ছবি দেখানো হয়। বাস্তবে রাস্তা সম্প্রসারণ প্রকল্পের জন্য মসজিদের নির্দিষ্ট একটি অংশ সরানোর বিষয়েই প্রশাসনের সঙ্গে আলোচনা চলছিল। ভুয়ো ভিডিও ও উস্কানিমূলক পোস্ট ছড়িয়ে পড়ার পরই এলাকায় বড় জমায়েত তৈরি হয় এবং পরে পুলিশের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়।
ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ও পোস্টের উৎস খতিয়ে দেখছে পুলিশ (Police)। এখনও পর্যন্ত একাধিক এফআইআর দায়ের হয়েছে। ১৫ জন কনটেন্ট ক্রিয়েটরকে আটক করা হয়েছে বলে খবর। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে কয়েকজন সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটরও রয়েছেন। সিসিটিভি ও ড্রোনের ফুটেজের পাশাপাশি অনলাইনে ছড়ানো বিভিন্ন পোস্টও তদন্তের আওতায় আনা হয়েছে।
আরও খবর : সেপ্টেম্বরের শেষে দিল্লিতে ঠান্ডার আমেজ, ২৫ বছরে দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা
উজ্জয়িনীতে শাহী মসজিদের একটি অংশ সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ২০২৮ সালের সিমহস্থ কুম্ভকে সামনে রেখে রাস্তা চওড়া করার প্রকল্পের অংশ হিসেবে। সংশ্লিষ্ট রাস্তা ১৫ মিটার পর্যন্ত চওড়া করার পরিকল্পনা রয়েছে। প্রশাসনের বক্তব্য, এই প্রকল্পের আওতায় বিভিন্ন ধর্মীয় ও অন্যান্য কাঠামোর অংশ পড়েছে এবং একাধিক ক্ষেত্রে স্থানীয়রা স্বেচ্ছায় বাধা সরানোর কাজে সহযোগিতা করছেন।
এর মধ্যেই সোমবার মসজিদের অংশ সরানোর কাজকে ঘিরে উত্তেজনা ছড়ায়। এক পর্যায়ে পুলিশের দিকে পাথর ছোড়ার অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ। এলাকায় বিপুল সংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়।
