রবিবারের উত্তেজনার পরও থমথমে SRFTI, দায়ের ৪টি এফআইআর

Must Read

ওয়েব ডেস্ক : রবিবারের ঘটনার পর সোমবারও থমথমে পরিস্থিতি সল্টলেকের সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে (SRFTI)। টানা কয়েক ঘণ্টা ধরে দফায় দফায় উত্তেজনার পর প্রতিষ্ঠানের বাইরে পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনায় পঞ্চসায়র থানায় মোট চারটি পৃথক এফআইআর দায়ের হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।

অভিযোগ, রবিবার দুপুরে আরএসএসের শাখা সংগঠন অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত সমিতির একটি অনুষ্ঠান ছিল এসআরএফটিআইয়ের (SRFTI) অডিটোরিয়ামে। সেই অনুষ্ঠান ঘিরেই পড়ুয়াদের একাংশের সঙ্গে আয়োজকদের বিরোধ তৈরি হয়। পড়ুয়াদের অভিযোগ, তাঁদের অন্ধকারে রেখে শিক্ষা প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে ওই অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়েছিল। অন্যদিকে আয়োজকদের দাবি, অনুষ্ঠান চলাকালীন এসএফআইয়ের সদস্যরা সেখানে গিয়ে আপত্তি জানান এবং ভারতমাতা ও স্বামী বিবেকানন্দের ছবি-সহ ব্যানার ছিঁড়ে দেওয়া হয়।

আরও খবর :  দুর্বল নিম্নচাপ, কমছে বৃষ্টির দাপট! আজ কলকাতা-সহ কোথায় বৃষ্টি, কেমন থাকবে পুজোর আগের আবহাওয়া

ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা দ্রুত হাতাহাতিতে গড়ায় । পড়ুয়াদের একাংশের দাবি, প্রতিবাদ করতে গেলে মারধরের অভিযোগও ওঠে। পালটা আয়োজকদের তরফে পড়ুয়াদের বিরুদ্ধে অনুষ্ঠানে বিশৃঙ্খলা তৈরির অভিযোগ করা হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ক্যাম্পাসে পালটা স্লোগানও শোনা যায়।

খবর পেয়ে ডিসির নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশের উপস্থিতিতেও একাধিকবার উত্তেজনা তৈরি হয় । পড়ুয়া ও আয়োজকদের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হন বলে অভিযোগ। একাধিক পড়ুয়াকে উদ্ধারের জন্য অ্যাম্বুল্যান্সও ক্যাম্পাসে ঢোকে। আহতদের কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত সমিতির তরফে একটি এফআইআর, পড়ুয়াদের একাংশের তরফে একটি এফআইআর এবং পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা-সহ মোট চারটি এফআইআর দায়ের হয়েছে।

Latest News

পুজোর আগে চাকরি হারানোর আশঙ্কা, বিকাশ ভবন অভিযানে কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ

ওয়েব ডেস্ক : পুজোর আগে চাকরি হারানোর আশঙ্কায় পথে নামলেন রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলের কম্পিউটার শিক্ষকদের (Computer Teachers)...

More Articles Like This