ওয়েব ডেস্ক : দিল্লি-এনসিআরে (Delhi-NCR) সাম্প্রতিক একাধিক ধর্ষণের ঘটনায় স্বতঃপ্রণোদিত ভাবে মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। তার মধ্যে চলন্ত স্লিপার বাসে এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগও রয়েছে। সোমবার বিচারপতি জে বি পারদিওয়ালার নেতৃত্বাধীন বেঞ্চ এই মামলাগুলি গ্রহণ করে। আর ২০১২ সালের নির্ভয়া-কাণ্ডের সঙ্গে সাম্প্রতিক ঘটনাগুলির ‘বেদনাদায়ক মিল’-এর কথা উল্লেখ করা হয়।
আদালতের পর্যবেক্ষণ, দিল্লি-এনসিআরে (Delhi-NCR) একের পর এক ধর্ষণের ঘটনা আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থার গুরুতর দুর্বলতার দিকটি সামনে আনছে। বিচারপতি পারদিওয়ালা বলেন, শুধুমাত্র ঘটনার পর সহমর্মিতা প্রকাশ করলেই হবে না, দায়বদ্ধতাও নির্ধারণ করতে হবে। সুপ্রিম কোর্ট বিশেষ করে পার্ক ও বাসের মতো জনসাধারণের ব্যবহৃত জায়গায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। পর্যাপ্ত আলো, নজরদারি এবং প্রয়োজনীয় প্রশাসনিক পরিকাঠামোর অভাবে এই জায়গাগুলিকে ঝুঁকিপূর্ণ এলাকায় পরিণত হতে দেওয়া যায় না বলে মন্তব্য করেছে আদালত।
আরও খবর : শেষ মুহূর্তে স্থগিত টানা তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘট! সোমবার থেকেই স্বাভাবিক পরিষেবা, বৈঠকে কী রফা হল?
সম্প্রতি দক্ষিণ দিল্লির কালকাজি মন্দিরের কাছে একটি পার্কে ১৭ বছরের এক কিশোরীকে তিন ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে গণধর্ষণ করেছে বলে অভিযোগ ওঠে। পাশাপাশি আগস্টে গ্রেটার নয়ডায় চলন্ত স্লিপার বাসে ১৬ বছরের এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগও সামনে আসে। ওই বাসে আইন অনুযায়ী প্রয়োজনীয় সিসিটিভি ব্যবস্থা কার্যকর ছিল না বলে তদন্তে উঠে আসে।
২০১২ সালে দিল্লিতে চলন্ত বাসে ২৩ বছরের এক তরুণীকে গণধর্ষণের পর তাঁর মৃত্যু গোটা দেশে ব্যাপক প্রতিবাদের জন্ম দিয়েছিল। পরবর্তী সময়ে নারী ও শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধ সংক্রান্ত আইনে একাধিক পরিবর্তন আনা হয়। বর্তমান মামলাগুলিতে সেই ঘটনার সঙ্গে মিলের বিষয়টিই বিশেষ ভাবে তুলে ধরেছে সুপ্রিম কোর্ট।
