ওয়েব ডেস্ক : এসআইআর (SIR) নিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) অন্দরে মতবিরোধের অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই শনিবার তিন নির্বাচন কমিশনার বৈঠকে বসেন। তাঁদের একসঙ্গে বৈঠকের ছবি প্রকাশ করে নির্বাচন কমিশন। সেই ছবিকে সামনে রেখেই রবিবার বিরোধীদের আক্রমণ করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি, এসআইআর কারও একার সিদ্ধান্তে হয়নি। তিন নির্বাচন কমিশনারের সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কিছু দিন আগে ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, এসআইআর চলাকালীন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) একাধিক সিদ্ধান্তের সঙ্গে বাকি দুই কমিশনার একমত ছিলেন না। গত ১০ মাসে অন্তত ১৪ বার তাঁরা লিখিত ভাবে আপত্তি জানিয়েছিলেন বলেও ওই প্রতিবেদনে দাবি করা হয়। এই অভিযোগ প্রকাশ্যে আসার পরই জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি তোলে বিরোধীরা।
আরও খবর : মমতা বন্দ্যোপাধ্যায়, সিপিএমকে একযোগে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
রবিবার সেই প্রসঙ্গেই শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, তিন কমিশনারের সম্মিলিত বৈঠকের ছবিই প্রমাণ করে এসআইআরের সিদ্ধান্ত একতরফা ছিল না। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গে বিজেপির জয় মেনে নিতে না পেরে বিরোধীরা একটি প্রতিবেদনকে হাতিয়ার করে রাজনৈতিক চাপ তৈরি করছে। একইসঙ্গে এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান নিয়েও আক্রমণ করেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় ও সিপিএমের সম্পর্ক নিয়েও সরব হন শুভেন্দু। তাঁর দাবি, যে সিপিএমের বিরুদ্ধে লড়াই করে তৃণমূলের রাজনৈতিক উত্থান হয়েছিল, এখন সেই দলের সঙ্গেই তৃণমূলের ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। বিধানসভায় একটি বিলের ভোটাভুটির প্রসঙ্গও টেনে আনেন তিনি। পাশাপাশি মমতার শ্রীরামপুরের সভায় ‘আজাদি’ স্লোগান নিয়েও কটাক্ষ করেন শুভেন্দু।
