ওয়েব ডেস্ক :সেপ্টেম্বরের শেষ সপ্তাহে আচমকাই বদলে গিয়েছে রাজধানী দিল্লির আবহাওয়া (Delhi Weather)। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা (Tempreture) নেমে এসেছে ২১ ডিগ্রি সেলসিয়াসে। সেপ্টেম্বর মাসে গত ২৫ বছরের মধ্যে এটি দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা বলে জানা গিয়েছে। ফলে বর্ষার শেষেই রাজধানীতে অনুভূত হচ্ছে হালকা শীতের আমেজ।
আবহাওয়া দফতরের জানাচ্ছে, গত কয়েকদিন ধরে উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় টানা বৃষ্টি, মেঘলা আকাশ এবং বাতাসে বেশি পরিমাণ জলীয়বাষ্পের কারণে তাপমাত্রা দ্রুত কমেছে। বঙ্গোপসাগর থেকে স্থলভাগে প্রবেশ করা দীর্ঘস্থায়ী গভীর নিম্নচাপের প্রভাবেও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। তার প্রভাব পড়েছে দিল্লি-সহ উত্তর ভারতের একাধিক রাজ্যে।
আরও খবর : ষষ্ঠ শ্রেণিকে বাধ্যতামূলক তৃতীয় ভাষা থেকে অব্যাহতি দিতে সুপ্রিম নির্দেশ
তবে এই তাপমাত্রা (Tempreture) পতনকে আগাম শীতের ইঙ্গিত হিসেবে দেখছেন না আবহবিদরা। তাঁদের মতে, দীর্ঘ সময় সূর্যের দেখা না মেলায় দিনের বেলায় মাটিতে পর্যাপ্ত সৌর তাপ পৌঁছতে পারেনি। তার সঙ্গে বৃষ্টির প্রভাব এবং বাতাসে অতিরিক্ত আর্দ্রতা মিলিয়ে দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কমেছে।
এই পরিস্থিতির সঙ্গে এল নিনোর সরাসরি কোনও সম্পর্কও নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরাখণ্ড, হরিয়ানা, রাজস্থান এবং দিল্লি-সহ উত্তর ভারতের বেশ কিছু অঞ্চলে একই কারণে তাপমাত্রার পতন হয়েছে। ফলে রাজধানীতে আপাতত এসি বন্ধ রাখা বা পাখা কমিয়ে চালানোর মতো পরিস্থিতি তৈরি হলেও স্থায়ীভাবে শীত নেমে এসেছে, এমনটা বলার সময় এখনও আসেনি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর থেকে উত্তর ভারতের আকাশ ধীরে ধীরে পরিষ্কার হতে পারে। পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, রাজস্থান ও উত্তরপ্রদেশের বিস্তীর্ণ এলাকায় ফের রোদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। আকাশ পরিষ্কার হলে দিনের তাপমাত্রাও আবার বাড়তে শুরু করবে।
