ওয়েব ডেস্ক: ভারতীয় রাজনীতিতে নেতা-মন্ত্রীদের দলবদলের ঘটনা এখন অত্যন্ত স্বাভাবিক। তবে দেশের দুই সংস্থার সমীক্ষা যা জানাচ্ছে তা ‘চমকপ্রদ’। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এবং ন্যাশনাল ইলেকশন ওয়াচ-এর সমীক্ষা বলছে, শেষ চার বছরে ১১১ জন জয়ী সাংসদ ও বিধায়ক দলবদল করেছেন। এঁদের মধ্যে ২৯ জন যোগ দিয়েছেন ভারতীয় জনতা পার্টিতে।
এডিআর এবং এনএডব্লু-র সমীক্ষায় ২০২২ থেকে ২৬ সালের নির্বাচন এবং উপনির্বাচনের উপর আলোকপাত করা হয়েছে। এই আলোকপাতে ‘উজ্জ্বল’ হয়ে উঠেছেন ২৬ জন লোকসভা সাংসদ, সাতজন রাজ্যসভা সাংসদ এবং ৭৮ জন বিধায়ক। বিজেপিতে ২৯ জনের যোগ দেওয়া কিন্তু সর্বোচ্চ নয়।
আরও পড়ুন: গণধর্ষণের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে ব্যাপক তাণ্ডব চালাল শিক্ষার্থীরা
নাগা পিপলস ফ্রন্টে যোগ দেওয়া সাংসদ-বিধায়কের সংখ্যা ৩২, যা সর্বাধিক। তবে এক্ষেত্রে দল বদলের ঘটনা ঘটেনি, দুটি রাজনৈতিক দলের মিলিত হওয়ার ফল এটি। ২৪ সেপ্টেম্বর প্রকাশিত এই রিপোর্টে দেখা গিয়েছে, দল বদলের ঘটনা ঘটেছে দেশের ১৭টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে। নাগাল্যান্ডের পরেই রয়েছে পশ্চিমবঙ্গ। এ রাজ্যের ২০ জন ‘আইনপ্রণেতা’ দল বদলেছেন। এরপরে আছে তেলঙ্গানা, সেখানে ৯ জন দল বদলেছেন। গোয়া এবং পঞ্জাবে আটজন করে।
উল্লেখযোগ্য বিষয় হল, এই ১১১টি ঘটনা কেবল সাধারণ দলত্যাগের বিষয় ছিল না। এডিআর (ADR)-এর তালিকায় দলগুলোর একীভূতকরণ, উপনির্বাচনে জয়ী হওয়ার আগে পদত্যাগ করে অন্য দলে যোগ দেওয়া আইনপ্রণেতা এবং অযোগ্য ঘোষিত হওয়ার পর অন্য দলের হয়ে নির্বাচনে জয়ী হওয়া ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।
