ওয়েব ডেস্ক : বারুইপুর আদালতে (Baruipur Court) আইনজীবী সায়ন ব্যানার্জির উপর হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার বিষয়ে দক্ষিণ ২৪ পরগনার জেলা জজ এবং বারুইপুরের পুলিশ সুপারের কাছ থেকে রিপোর্ট তলবের কথা জানিয়েছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি রবীন্দ্র ভি গুগে।
আইনজীবী শুভঙ্কর নাগ এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে জানান, মঙ্গলবার একটি জামিন সংক্রান্ত মামলায় সওয়াল করে বেরোনোর পর সায়ন বন্দ্যোপাধ্যায়ের উপর ডিম ছোড়া হয়। অভিযোগ, এরপর প্রায় দু’ঘণ্টা তাঁকে আদালত কক্ষে আটকে রাখা হয়।
আরও খবর : বিদেশি মুদ্রা বিনিময়ের নামে আর্থিক তছরুপের অভিযোগ, কলকাতার বালিগঞ্জ ও নিউ আলিপুরে ইডির তল্লাশি
আইনজীবীদের দাবি, ঘটনার সময় আদালতের ভিতরে জেলা জজ এবং বারুইপুর থানার আইসি উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতেই এই ঘটনা ঘটে বলে অভিযোগ। আইনজীবীদের স্বাধীনভাবে পেশাগত কাজ করার পরিবেশ নিশ্চিত করার আবেদন জানানো হয়েছে হাইকোর্টে।
প্রধান বিচারপতি জানান, রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হতে পারে। এর আগে কলকাতা হাইকোর্ট চত্বরে একই ধরনের ঘটনার পর স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছিল। সেই মামলার রায়ের কপিও প্রধান বিচারপতির হাতে তুলে দেন আইনজীবীরা। বারুইপুর আদালতে আইনজীবীর উপর হামলার অভিযোগে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)।
