ওয়েব ডেস্ক : মাদ্রাসাগুলির (Madrasa) পরিকাঠামো ও সরকারি অনুমোদন নিয়ে রাজ্যজুড়ে সমীক্ষার পর বড় পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। প্রথম দফায় ২৫২টি অনুমোদনহীন মাদ্রাসা বন্ধের নোটিস জারি করল প্রশাসনের তরফে। একইসঙ্গে আরও ১০০টি মাদ্রাসাকে কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
গত ২২ জুলাই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় মাদ্রাসাগুলিতে (Madrasa) সমীক্ষা চালানো হয়েছিল। সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দফতরের উদ্যোগে হওয়া সেই সমীক্ষায় প্রতিষ্ঠানগুলির পরিকাঠামো, পাঠক্রম এবং ছাত্রছাত্রী সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হয়। সমীক্ষার রিপোর্টে রাজ্যের প্রায় ২ হাজার ৩৯৬টি মাদ্রাসার সরকারি অনুমোদন নেই জানতে পরেছে সরকার। সেই তথ্য সামনে আসার পরেই অনুমোদনহীন প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। প্রথম পর্যায়ে ২৫২টি মাদ্রাসার বিরুদ্ধে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও খবর : ছাত্রছাত্রীদের মোবাইল ফোন থেকে দূরে রাখুন, বার্তা মুখ্যমন্ত্রীর
অন্যদিকে, শোকজ করা ১০০টি মাদ্রাসার (Madrasa) পরিকাঠামো নিয়েও প্রশ্ন উঠেছে। তাদের কাছে প্রয়োজনীয় নথি ও নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে বলা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে পরবর্তী সময়ে ওই প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে। সরকারি অনুমোদন রয়েছে এমন মাদ্রাসাগুলি নিয়ম মেনে চলবে বলেই দফতরের তরফে জানানো হয়েছে। তবে অনুমোদন ছাড়া প্রতিষ্ঠান পরিচালনা বা নির্ধারিত নিয়ম না মানার ক্ষেত্রে কোনওরকম ছাড় দেওয়া হবে না বলেও স্পষ্ট করা হয়েছে।
