ওয়েব ডেস্ক : ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লির ভারত মণ্ডপমে বসছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন (BRICS Summit)। ভারতের আয়োজনে এই সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান-সহ একাধিক রাষ্ট্রনেতার উপস্থিত থাকবেন। আর সেখানে থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari)।
সূত্রের খবর, শনিবার দুপুর বা বিকেলের দিকে দিল্লির উদ্দেশে রওনা দিতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম ব্রিকসের মতো আন্তর্জাতিক স্তরের বড় সম্মেলনের আবহে তাঁর দিল্লি সফর ঘিরে বাড়ছে আগ্রহ।
আরও খবর : ব্রিকসের আগে বড় উদ্যোগ, দেশে রুশ বিমান তৈরির পথে ভারত!
সম্মেলনের প্রথম দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) তরফে রাষ্ট্রনেতাদের জন্য গালা ডিনারের আয়োজন রয়েছে। সরকারি সূচি অনুযায়ী, ১২ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় ভারত মণ্ডপমে এই নৈশভোজ হওয়ার কথা। সূত্রের খবর, এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। আর সেখানে আমন্ত্রণ পেয়েছেন শুভেন্দু অধিকারীও। সেখানে প্রধানমন্ত্রী মোদীর পাশাপাশি বিদেশি রাষ্ট্রনেতাদের সঙ্গে তাঁর সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।
শুভেন্দুর দিল্লি সফরের পর মুম্বই যাওয়ার সম্ভাবনা নিয়েও জল্পনা রয়েছে। জানা যাচ্ছে, সেখানে শিল্পপতি মুকেশ আম্বানির সঙ্গে তাঁর বৈঠক হতে পারে। বাংলায় শিল্পায়ন ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে এই সম্ভাব্য বৈঠকও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এদিকে ব্রিকস সম্মেলন ঘিরে ইতিমধ্যেই দিল্লিতে কূটনৈতিক তৎপরতা তুঙ্গে। ইউক্রেন ও পশ্চিম এশিয়ার সংঘাত, বিশ্ব অর্থনীতি, বহুপাক্ষিক সহযোগিতা এবং বৈশ্বিক শাসনব্যবস্থা-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় সম্মেলনের আলোচনায় উঠে আসার কথা।
