ওয়েব ডেস্ক: এজবাস্টন টেস্টে (Edgbaston Test) আরও বিপদে পড়ল পাকিস্তান (Pakistan)। প্রথমে ব্যাট করতে নেমে ১৩৩ রানে গুটিয়ে গিয়েছিল বাবর আজমদের (Babar Azam) ইনিংস। পিচে যে মাইন পোঁতা নেই তা কালই বলছিলেন ধারভাষ্যকররা। তা প্রমাণিত হল ইংল্যান্ডের ব্যাটিংয়ে। জো রুটের দল ১০ উইকেট হারিয়ে ৪৫৩ রান করে ফেলল। ইতিমধ্যেই এ ম্যাচে ৩২০ রানে পিছিয়ে পাকিস্তান।
ইংল্যান্ডের হয়ে কেউ সেঞ্চুরি পাননি। সর্বোচ্চ ৭৫ করেছেন হ্যারি ব্রুক। রান আউট না হলে হয়তো শতরান পেয়ে যেতেন। তবে অনেকেই ব্যাট হাতে অবদান রেখেছেন। এমিলিয়ো গে ৬০, ড্যান লরেন্স ৬৫, জেমি স্মিথ ৬৯ করেছেন। এমনকী বোলার হিসেবে পরিচিত অলি রবিনসন ৪৭ বলে ৫০ করে গেলেন। জফ্রা আর্চার শেষ দিকে ২৭ বলে ৩২ করলেন। এ থেকেই স্পষ্ট, এজবাস্টনের উইকেট মোটেই ব্যাটিংয়ের অনুপযোগী নয়।
আরও পড়ুন: ওল্ড ট্রাফোর্ডে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগ, মাঠে নামবেন হ্যারি কেন
লর্ডস টেস্টে ১৯৪ রানে শোচনীয় হারের পরে, দলের অর্ধেক খেলোয়াড় এমনকী কোচিং স্টাফের কয়েকজনকে দেশে ফেরত পাঠিয়ে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। ইংল্যান্ডে পাঠানো হয় একাধিক আনকোরাদের। বুধবার বাবর আজম টিম লিস্ট দেওয়ায় দেখা গেল, এজবাস্টনে চারটে পরিবর্তন করা হয়েছে, এবং অভিষেক ঘটছে তিনজনের।
এতসব বদল, খোলনলচে পাল্টেও লাভ হয়নি। টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক জো রুট (Joe Root)। আট রানে এক উইকেট, ১২ রানে ২, ২৪ রানে ৩, এভাবে শোভাযাত্রা করলেন পাক ব্যাটাররা। অধিনায়ক বাবর ১৮ বলে ৭ রান করে জশ টংয়ের বলে বোল্ড। পাকিস্তানের এই দলটায় একমাত্র সৌদ শাকিলকে দেখে মনে হচ্ছে, তিনি টেস্ট ক্রিকেট স্তরের ব্যাটার। আর কেউ নয়।
