ওয়েব ডেস্ক : দেশের মধ্যে প্রথম ব্যাটারিচালিত যাত্রীবাহী ভেসেল (Battery Electric Vessel) তৈরির উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। সেই লক্ষ্যে শনিবার গার্ডেনরিচ শিপ বিল্ডার্সের হাতে দরপত্র তুলে দেওয়া হয়েছে বলে খবর। রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জানা যাচ্ছে, আপাতত রাজ্যের জন্য তৈরি হবে দুটি পরিবেশবান্ধব ভেসেল।
সূত্রের খবর, প্রতিটি ভেসেল (Battery Electric Vessel) তৈরিতে খরচ হবে প্রায় ২১ কোটি টাকা। অর্থাৎ দুটি জলযানের জন্য মোট ব্যয় ধরা হয়েছে ৪২ কোটি টাকা। প্রতিটি ভেসেলে একসঙ্গে ১০০ জন যাত্রী যাতায়াত করতে পারবেন। দরপত্র পাওয়ার পর আগামী ১৫ মাসের মধ্যে ভেসেল দুটিকে গঙ্গায় নামানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
আরও খবর : সেপ্টেম্বর থেকে ৪৪ হাজার সরকারি অফিসে স্মার্ট মিটার, বদলাচ্ছে বিদ্যুৎ বিলের নিয়ম
পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষের উপস্থিতিতে এদিন এই প্রক্রিয়া সম্পন্ন হয়। রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী, গঙ্গার জলপথকে সাধারণ যাত্রী পরিবহণের পাশাপাশি পর্যটনের ক্ষেত্রেও আরও বেশি করে ব্যবহার করা হবে। বেলুড় ও দক্ষিণেশ্বরের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্যটনকেন্দ্রের সঙ্গে জলপথে যোগাযোগ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।
এর পাশাপাশি গঙ্গায় ওয়াটার ট্যাক্সি ও ওয়াটার মেট্রো চালুর পরিকল্পনা নিয়েও এগোচ্ছে রাজ্য। পরিবেশদূষণ কমানো এবং যাত্রীদের স্বাচ্ছন্দ্য বাড়ানোই এই জলপথ পরিবহণ ব্যবস্থার অন্যতম লক্ষ্য বলে জানানো হয়েছে। ফলে ভবিষ্যতে প্রচলিত লঞ্চ বা ভটভটির পরিবর্তে ব্যাটারিচালিত জলযানের ব্যবহার কতটা বাড়ে, সেদিকেও নজর থাকবে। এদিকে উত্তরবঙ্গের জলদাপাড়ায় ভেঙে যাওয়া দুটি বেইলি ব্রিজ তৈরির বরাতও পেয়েছে গার্ডেনরিচ শিপ বিল্ডার্স। ভেসেল ও সেতু মিলিয়ে মোট প্রায় ৪৫ কোটি টাকা খরচ হবে। কেন্দ্রের সাস্কি প্রকল্পের আওতায় এই অর্থ বরাদ্দ করা হচ্ছে বলে জানা গিয়েছে।
