আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের ৫০৪ কোটি টাকার কেলেঙ্কারি, ৬ আমলা-সহ ১৯ অভিযুক্তের বিরুদ্ধে সিবিআইয়ের চার্জশিট

Must Read

ওয়েব ডেস্ক : হরিয়ানার (Haryana) আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের (IDFC first bank scam) ৫০৪ কোটি টাকার তহবিল আত্মসাৎ মামলায় তৃতীয় চার্জশিট পেশ করল সিবিআই (CBI)। পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালতে জমা দেওয়া এই চার্জশিটে মোট ১৯ জন অভিযুক্তের নাম রয়েছে। তাঁদের মধ্যে হরিয়ানা ক্যাডারের ছয়জন হাই-প্রোফাইল আইএএস কর্তা রয়েছেন। সরকারি একাধিক দফতর ও সংস্থার তহবিল নিয়মবহির্ভূতভাবে স্থানান্তরের অভিযোগ ঘিরেই এই মামলা।

চার্জশিটে নাম রয়েছে মোহাম্মদ শায়িন, সাকেত কুমার, বিনীত গর্গ, প্রদীপ কুমার, রাম কুমার সিং এবং পঙ্কজ আগরওয়ালের। তাঁরা প্রত্যেকেই হরিয়ানার বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি পদে দায়িত্ব সামলেছেন। তদন্তকারী সংস্থার অভিযোগ, ব্যাঙ্কের আধিকারিকদের সঙ্গে যোগসাজশ করে সরকারি অর্থ স্থানান্তরের ক্ষেত্রে তাঁদের ভূমিকা ছিল।

আরও খবর : দিল্লিতে পাঁচতলা হস্টেল ভেঙে ভয়াবহ বিপর্যয়, মৃত ৩   

সিবিআইয়ের (CBI) তদন্ত অনুযায়ী, হরিয়ানা সরকারের আটটি দফতর ও সংস্থার সরকারি তহবিল নির্দিষ্ট কিছু ব্যাংক শাখায় নিয়মবহির্ভূতভাবে স্থানান্তর করা হয়েছিল। পরে সেই অর্থের একটি বড় অংশ ভুয়ো সংস্থার হিসাবে পাঠানো হয় বলে অভিযোগ। সব মিলিয়ে প্রায় ৫০৪ কোটি টাকা এই প্রক্রিয়ায় সরিয়ে নেওয়া হয়েছিল বলে তদন্তে দাবি করেছে সিবিআই।এই মামলায় নতুন করে ১৯ জনকে অভিযুক্ত করার পর চার্জশিটে মোট অভিযুক্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৭। এখনও পর্যন্ত ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের অংশ হিসেবে ৫৪টি জায়গায় তল্লাশি চালিয়েছে সিবিআই। সেখান থেকে প্রায় ২০ কোটি টাকা মূল্যের সোনা-সহ গুরুত্বপূর্ণ নথি ও ডিজিটাল প্রমাণ উদ্ধারের দাবি করেছে তদন্তকারী সংস্থা।

গত ২৪ ফেব্রুয়ারি আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের (IDFC first bank scam) প্রাক্তন কর্মী ঋভব ঋষি ও অভয় কুমার এবং তাঁদের ব্যবসায়িক সহযোগী স্বাতী সিঙ্গলা ও অভিষেক সিঙ্গলাকে গ্রেপ্তারের পর এই কেলেঙ্কারির বিষয়টি প্রকাশ্যে আসে। একসঙ্গে ছয় আইএএস কর্তার নাম চার্জশিটে থাকায় হরিয়ানার প্রশাসনিক ও রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। তবে আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তদের দোষী বলা যাবে না।

Latest News

কালীঘাট তৃণমূলের আবেদন হাইকোর্টেই, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

ওয়েব ডেস্ক : ক্যামাক স্ট্রিটের (Camac Street Case) দলীয় দফতর থেকে নামফলক সরানোর ঘটনায় কালীঘাট তৃণমূলের (Kalighat TMC) করা...

More Articles Like This