বিপদসীমার উপর গঙ্গা, ফরাক্কা থেকে ছাড়া হল সাড়ে ১১ লক্ষ কিউসেক জল!

Must Read

ফরাক্কা: ফরাক্কায় (Farakkah) বিপদসীমা পেরোল গঙ্গার জলস্তর। বুধবার রাতের হিসাব অনুযায়ী, ফরাক্কায় গঙ্গার জলস্তর ২২.২৫ মিটারের বিপদসীমা ছাড়িয়ে ২২.৭৭ মিটারে পৌঁছেছে (District news)। পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে প্রশাসন। জলস্তর আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে কেন্দ্রীয় জল কমিশন (CWC)।

CWC সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় ফরাক্কায় গঙ্গার জলস্তর ২২.৮৫ মিটার পর্যন্ত পৌঁছতে পারে। নেপালের তরাই অঞ্চল থেকে আসা জল গণ্ডক নদী হয়ে পাটনার গঙ্গায় মিশছে। সেই জলই ক্রমশ ফরাক্কার দিকে এগিয়ে আসছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকেরা।

পরিস্থিতি সামাল দিতে ফরাক্কা ব্যারেজের গেট খুলে ডাউনস্ট্রিমে বিপুল পরিমাণ জল ছাড়া হচ্ছে। ব্যারেজ কর্তৃপক্ষের হিসাবে, প্রায় সাড়ে ১১ লক্ষ কিউসেক জল নীচের দিকে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি ফিডার ক্যানাল দিয়েও প্রায় ৪০ হাজার কিউসেক জল যাচ্ছে। বিপুল জলরাশির কারণে ভাটির বিস্তীর্ণ এলাকায় উদ্বেগ বেড়েছে।

আরও খবর : শনিবার কলকাতায় ভারী বৃষ্টি! সতর্কতা দক্ষিণের ৬ জেলায়, কোথায় রবিবার-সোমবারও চলবে বৃষ্টি?

ফরাক্কা ছাড়াও সামশেরগঞ্জ, সুতী, লালগোলা, জিয়াগঞ্জ এবং জলঙ্গী এলাকার নদীতীরবর্তী বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। যদিও সংশ্লিষ্ট এলাকায় এখনও সরাসরি বড়সড় প্লাবনের খবর নেই, তবু পরিস্থিতির উপর প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে।

প্রশাসনের তরফে নদীপাড়ের বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে মাইকিং এবং বিভিন্ন বার্তার মাধ্যমে। জরুরি পরিস্থিতি তৈরি হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অবশ্য আশঙ্কা, জল আরও বাড়লে নদীর জল নালা-নর্দমা ও নিচু এলাকা দিয়ে বসতিতে ঢুকে পড়তে পারে। ফলে রাত বাড়ার সঙ্গে সঙ্গে উদ্বেগও বাড়ছে।

এরই মধ্যে দক্ষিণবঙ্গে নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে গঙ্গার জলস্তরের সঙ্গে বৃষ্টির পরিস্থিতি মিলিয়ে আগামী কয়েক দিন মুর্শিদাবাদের নদী তীরবর্তী এলাকাগুলিতে বাড়তি সতর্কতা প্রয়োজন বলেই মনে করছেন প্রশাসনিক আধিকারিকেরা।

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This