তিব্বত সীমান্তে ভয়াবহ হড়পা বান, ভেসে গেল গ্রাম ও নির্মাণ প্রকল্প

Must Read

ওয়েব ডেস্ক : তিব্বত সীমান্তবর্তী নেপালে (Nepal) ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। প্রবল হড়পা বানে (Flood) পাহাড়ি জেলা রাসুয়ার একাধিক এলাকা কার্যত বিপর্যস্ত। প্রশাসনের দাবি, সিয়াপ্রু বেসি এবং টিমুরে এলাকায় গ্রাম ও বিভিন্ন পরিকাঠামো নির্মাণের জায়গা জলের তোড়ে ভেসে গিয়েছে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা প্রাণহানির নির্দিষ্ট হিসাব পাওয়া যায়নি। তবে পরিস্থিতি দেখে বড়সড় হতাহতের আশঙ্কা করছে প্রশাসন।

বুধবার ভুটে কোশি নদীতে আচমকা জলস্তর বেড়ে যাওয়ার পরই বিপদ তৈরি হয়। নদীর আশপাশের নিচু এলাকাগুলিতে বসবাসকারী মানুষকে দ্রুত উঁচু ও নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নদীর পাড়ের বাসিন্দাদের বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে স্থানীয় প্রশাসন। উদ্ধার ও ত্রাণকাজে নামানো হয়েছে নেপাল (Nepal) পুলিশ এবং সেনাবাহিনীকে। প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ জানিয়েছেন, বিপর্যস্ত এলাকায় উদ্ধারকারী ও ত্রাণদল পাঠানো হয়েছে। নিচু এলাকায় থাকা বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে সাধারণ মানুষকেও সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে।

আরও খবর : ট্রাম্প প্রশাসনের বড় পদক্ষেপ, বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে স্থগিতাদেশ

রাসুয়া জেলার প্রশাসক নরেন্দ্র পারিয়ার জানিয়েছেন, বেশ কিছু গ্রাম এবং পরিকাঠামো প্রকল্প ক্ষতিগ্রস্ত হওয়ার খবর মিলেছে। তবে এই মুহূর্তে কতজন নিখোঁজ বা মৃত, কিংবা কতটা সম্পত্তির ক্ষতি হয়েছে, তার কোনও নির্দিষ্ট তথ্য নেই। পরিস্থিতি আরও খারাপ হলে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির ক্ষতি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

ভুটে কোশি নদীর উৎস তিব্বতে (Tibet)। নেপালে প্রবেশের পর এই নদী ত্রিশূলী নদীর সঙ্গে মিশেছে, যা পরে ভারতের দিকে গণ্ডক নদী হিসেবে প্রবাহিত হয়। ফলে এই অঞ্চলে বড় ধরনের বন্যা হলে তার প্রভাব সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকায় পড়তে পারে। গত বছরও ভুটে কোশি নদীর ভয়াবহ বন্যায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছিল এবং ২৪ জন নিখোঁজ হয়েছিলেন। সেই বন্যায় নেপাল-চিন সংযোগকারী ‘ফ্রেন্ডশিপ ব্রিজ’-ও ভেসে গিয়ে কয়েক মাস ব্যাহত হয়েছিল যাতায়াত ও বাণিজ্য।

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This