ওয়েব ডেস্ক: নিট-ইউজি (NEET-UG) পরীক্ষা নিয়ে বারবার বিতর্কের জেরে এবার কেন্দ্রের কাছে জবাবদিহি চাইল সুপ্রিম কোর্ট (Supreme Court)। প্রশ্নফাঁসের মতো ঘটনা রুখতে সম্পূর্ণ কম্পিউটার-ভিত্তিক পরীক্ষার পরিকল্পনার বিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। পাশাপাশি অনলাইন পরীক্ষায় প্রশ্নপত্র ও তথ্যের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হবে, তাও জানাতে বলা হয়েছে কেন্দ্রকে।
শুক্রবার বিচারপতি পিএস নরসিমা ও বিচারপতি অলোক আরাধের বেঞ্চ স্পষ্ট জানায়, নিট-ইউজি সংক্রান্ত অনিয়মের ঘটনাগুলি আদালতের নজরে রয়েছে। পরীক্ষা ব্যবস্থাকে আরও সুরক্ষিত ও স্বচ্ছ করতে কী ধরনের প্রাতিষ্ঠানিক সংস্কার আনা হচ্ছে, তা কেন্দ্রকে ব্যাখ্যা করতে হবে। আদালতের পর্যবেক্ষণ, একই ধরনের অভিযোগ দিনের পর দিন চলতে পারে না।
আরও খবর : প্রশ্নফাঁস রুখতে কড়া আইন আনছে কেন্দ্র
কেন্দ্রের হয়ে সওয়াল করতে গিয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, পরীক্ষার্থীদের স্বার্থে সরকার ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছে। তবে সম্পূর্ণ কম্পিউটার-ভিত্তিক পরীক্ষার রূপরেখা এবং সংশ্লিষ্ট সংস্কারের পূর্ণাঙ্গ পরিকল্পনা আদালতের সামনে তুলে ধরতে কিছুটা সময় প্রয়োজন। কেন্দ্রের আবেদন মেনে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৩ আগস্ট।
