ওয়েব ডেস্ক : পুরনিয়োগ দুর্নীতি মামলায় (Municipal Recruitment Scam) এবার তদন্তের আওতায় কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের (Madan Mitra) পরিবারের সদস্যরা। আগামী সপ্তাহে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে তাঁর স্ত্রী অর্চনা মিত্র এবং দুই ছেলে স্বরূপ ও শুভরূপ মিত্রকে। তবে এই ঘটনা নিয়ে মদন মিত্রের পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্রের খবর, পুরনিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে জেরা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে। সেই তথ্য বিশ্লেষণ করেই তদন্তকারীদের অনুমান, নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত অর্থ সরাসরি না রেখে পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে স্থানান্তরের চেষ্টা হয়ে থাকতে পারে। সেই সম্ভাবনা যাচাই করতেই এবার মদন মিত্রের পরিবারের আর্থিক লেনদেনের নথি পরীক্ষা করতে চাইছে কেন্দ্রীয় সংস্থা।
আরও খবর : মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে বৈঠকের পর শ্রমিকদের জন্য বড় ঘোষণা শিবরাজ সিং চৌহান
রাজ্যের বিভিন্ন পুরসভায় বেআইনি নিয়োগের অভিযোগ সামনে আসার পর থেকেই এই মামলায় একাধিক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তের শুরু থেকেই মদন মিত্রের নাম উঠে আসে। এর আগে তাঁর বাড়ি ও দফতরে তল্লাশি চালিয়েছে ইডি (ED)। একাধিকবার জিজ্ঞাসাবাদও করা হয়েছে তাঁকে। তদন্তে সহযোগিতা করলেও, আর্থিক লেনদেনের উৎস নিয়ে এখনও অনুসন্ধান চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সংস্থা।
সূত্রের খবর, তদন্তকারীদের নজরে রয়েছে মদন মিত্রের পরিবারের একাধিক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টও। তাঁর স্ত্রী অর্চনা মিত্র গৃহবধূ, দুই ছেলে ব্যবসার সঙ্গে যুক্ত। পাশাপাশি পরিবারের এক সদস্য মেঘনা কামারহাটি পুরসভার কাউন্সিলর হওয়ায় তাঁর আর্থিক লেনদেনও তদন্তের আওতায় আসতে পারে বলে সূত্রের খবর। আগামী ২২ ও ২৩ জুলাই ইডির দপ্তরে হাজিরার সময় প্রয়োজনীয় নথি জমা দিতে বলা হয়েছে পরিবারের সদস্যদের। সেই তথ্যের ভিত্তিতেই তদন্তের পরবর্তী দিক নির্ধারণ করবে কেন্দ্রীয় সংস্থা।
