কলকাতা: ভারী বৃষ্টি (Heavy Rain)। তার জেরে ভয়াবহ অবস্থা উত্তরবঙ্গে (North Bengal)। এদিকে বৃষ্টির জেরে কার্শিয়াঙে ভেঙে গিয়েছে দুধিয়ায় অস্থায়ী সেতু। এদিকে নালাসন নদীতেও ক্রমশ জলস্তর বাড়ছে। এদিকে ১১০ নম্বর জাতীয় সড়কে নেমেছে ধস (Land Slide)। উত্তরবঙ্গে ভারী বর্ষণের পরিপেক্ষিতে দুর্যোগ মোকাবিলার প্রসুস্তি নিয়ে এক উচ্চ পর্যায়ের ভার্চুয়াল পর্যালোচনা বৈঠক করেন পি ডব্লুডি দফতরের মন্ত্রী অজয় কুমার পোদ্দার। ভার্চুয়াল এই বৈঠকে উপস্থিত ছিল বিভাগের সচিব অন্তরা আচার্য,দফতরের মন্ত্রী, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলার জেলাশাসকরা এবং দফতরের আধিকারিকরা।
মন্ত্রী বলেন, রাজ্য সরকার নাগরিকদের নিরাপত্তা এবং নিরবিচ্ছিন্ন জনসেবা দেওয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়।তিনি আরও বলেন, জনসাধারণের অসুবিধা কমাতে সম্ভাব্য ভারী বর্ষণের সময় রাস্তা, সেতু এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পরিকাঠা সবসময় পর্যবেক্ষণ করা হবে। দফতরের সচিব বলেন, বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা সম্পূর্ণ সতর্ক ও প্রস্তূত আছেন। দার্জিলিংয়ে গতরাতে হওয়া প্রবল বর্ষণের কারণে দুধিয়া ব্রিজের অস্থায়ী ডাইভার্সন (হিউম পাইপ সেতু)-এর একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। জনপথ নির্মাণ দফতর (PWD)-এর দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং জলস্তর স্বাভাবিক হলেই পুনরুদ্ধারের কাজ অবিলম্বে শুরু করা হবে।
আরও পড়ুন: পাহাড়ে পর্যটকদের জন্য হেল্পলাইন নম্বর চালু করল পশ্চিমবঙ্গ সরকার
মন্ত্রী ডাঃ অজয় কুমার পোদ্দার জানান যে, দফতর পরিস্থিতির উপর নিরবচ্ছিন্ন নজরদারি চালিয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে পথটি দ্রুততম সময়ে পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি আরও জানান যে, ৫২ কোটি ব্যয়ে নতুন স্থায়ী দুধিয়া সেতুর নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে এবং ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে তা সম্পূর্ণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাত ও ধসের কারণে পর্যটকদের জন্য সতর্কবার্তা জারি করেছে রাজ্য পর্যটন দফতর।পর্যটকদের সতর্ক থাকতে এবং স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলতে অনুরোধ করা হচ্ছে। পাহাড়ের বিভিন্ন অংশে ধসের ঘটনা ঘটেছে। মহানদী চৌকি দারায় ধস নামার কারণে NH-110-এর মহানদী ও তিনধারে-র মধ্যে রাস্তা যোগাযোগ ব্যাহত হয়েছে। যেকোনও সাহায্য, তথ্য বা সহায়তার জন্য পর্যটকরা পশ্চিমবঙ্গ পর্যটন হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। টোল-ফ্রি ও স্থানীয় নম্বর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন।পর্যটন দফতর জানিয়েছে, তারা পরিস্থিতির উপর নজর রাখছে এবং পর্যটকদের সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ। পর্যটকদের নিরাপদে থাকতে এবং সর্বশেষ খবর রাখতে বলা হয়েছে।
