দক্ষিণ ২৪ পরগনা: ২০২০ সালে তৎকালীন বিজেপি (BJP) সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার (JP Nadda) কনভয়ে হামলার পুরনো মামলার ফাইল ফের খুলল পুলিশ। আর সেই তদন্তের কেন্দ্রে উঠে এসেছে ফলতার বিতর্কিত তৃণমূল নেতা জাহাঙ্গির খানের (Jahangir Khan) নাম। জেলা পুলিশ সূত্রে খবর, রাজনৈতিক পালাবদলের পর অসমাপ্ত ও আলোচিত মামলাগুলির পুনর্তদন্তের সিদ্ধান্তের জেরেই নতুন করে খতিয়ে দেখা হচ্ছে ওই হামলার ঘটনা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালের ডিসেম্বরে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন জে পি নাড্ডা। শিরাকোল এলাকায় তাঁর কনভয়ের উপর হামলার অভিযোগ ওঠে। ঘটনায় অল্পের জন্য রক্ষা পান নাড্ডা। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতির তদন্তে ইডি দফতরে অভিষেক ঢুকতেই এ কী হল?
ঘটনার পর দায়ের হওয়া এফআইআরে অন্যতম অভিযুক্ত হিসেবে নাম উঠে আসে জাহাঙ্গির খানের। তবে অভিযোগ, তৎকালীন তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হয়নি। ফলে মামলাটি কার্যত থমকে যায়। এখন সেই তদন্ত ফের শুরু হওয়ায় জাহাঙ্গিরের আইনি জটিলতা আরও বাড়তে পারে বলে মনে করছে প্রশাসনিক মহল।
দিলীপ ঘোষ সে সময় দাবি করেছিলেন, কনভয়ের উপর হামলার তীব্রতা এতটাই ছিল যে বুলেটপ্রুফ গাড়ি না থাকলে প্রাণহানির ঘটনাও ঘটতে পারত। ঘটনাটি জাতীয় রাজনীতিতেও ব্যাপক আলোড়ন ফেলেছিল।
বর্তমানে ভোট-পরবর্তী হিংসা-সহ একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে জেলবন্দি রয়েছেন জাহাঙ্গির খান। রাজ্যের নতুন সরকার ক্ষমতায় আসার পর ঘোষণা করেছিল, অতীতে ঝুলে থাকা অপরাধমূলক মামলাগুলির পুনর্মূল্যায়ন ও তদন্ত করা হবে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই নাড্ডার কনভয় হামলার মামলাও ফের সক্রিয় করা হয়েছে বলে জানা যাচ্ছে।
তদন্তকারী সংস্থার নজরে রয়েছেন হামলার ঘটনায় নাম জড়ানো অন্যান্য অভিযুক্তরাও। পুরনো নথি, সাক্ষ্যপ্রমাণ এবং তদন্তের অগ্রগতি পুনরায় খতিয়ে দেখা হচ্ছে। ফলে আগামী দিনে এই মামলায় নতুন আইনি পদক্ষেপের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
