ওয়েব ডেস্ক: কিংবদন্তি নেইমারকে (Neymar Jr) ছাড়াই বিশ্বকাপ (FIFA World Cup 2026) অভিযান শুরু করছে ব্রাজিল (Brazil)। ইতিমধ্যে দলের কোচ কার্লো আন্সেলোত্তি (Carlo Ancelotti) নিশ্চিত করেছেন যে, কাফ মাসলের চোট থেকে এখনও পুরোপুরি সেরে না ওঠায় গ্রুপ ‘সি’-তে মরক্কোর বিরুদ্ধে প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন না দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। শনিবার নিউ ইয়র্কে ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোর (Morocco) বিরুদ্ধে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচে নেইমারের অনুপস্থিতি নিঃসন্দেহে বড় ধাক্কা সেলেকাওদের জন্য।
ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে আনচেলত্তি জানান, নেইমারের পুনর্বাসন প্রক্রিয়া সঠিক পথেই এগোচ্ছে এবং তিনি দ্রুত মাঠে ফেরার জন্য কঠোর পরিশ্রম করছেন। ব্রাজিল কোচের কথায়, “নেইমার যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে মাঠে ফিরতে কঠোর পরিশ্রম করছে।” যদিও প্রথম ম্যাচে তাঁকে পাওয়া যাবে না, ব্রাজিল শিবির আশাবাদী যে টুর্নামেন্টের পরবর্তী পর্যায়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। কোচিং স্টাফের আশা, আগামী সপ্তাহ থেকেই অনুশীলনে ফিরতে পারেন নেইমার। ফলে ১৯ জুন হাইতির বিরুদ্ধে ব্রাজিলের দ্বিতীয় গ্রুপ ম্যাচে তাঁর খেলার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আরও পড়ুন: বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৩ লাল কার্ড! ব্রাজিলের এই ‘খলনায়ক’ রেফারিকে চেনেন?
নেইমারের অনুপস্থিতিতে আক্রমণভাগের দায়িত্ব আরও বেশি করে এসে পড়বে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া এবং ম্যাথিউস কুনহাদের উপর। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ক্লাব এবং জাতীয় দলের জার্সিতে দুরন্ত ফর্মে থাকা ভিনিসিয়ুসের দিকে তাকিয়ে থাকবেন ব্রাজিল সমর্থকেরা। জানা গিয়েছে, মরক্কোর বিরুদ্ধে ম্যাচে আন্সেলোত্তি ৪-৪-২ ফর্মেশন ব্যবহার করতে পারেন বলে জোর জল্পনা চলছে। সেই অনুযায়ী রক্ষণ ও মাঝমাঠে ভারসাম্য রেখে দ্রুতগতির আক্রমণে জোর দিতে পারে ব্রাজিল।
বিশ্বকাপের প্রথম ম্যাচে সম্ভাব্য ব্রাজিল একাদশ
- গোলকিপার: অ্যালিসন
- ডিফেন্ডার: দানিলো, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, অ্যালেক্স সান্দ্রো/সান্তোস
- মিডফিল্ডার: কাসেমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা, রাফিনিয়া
- ফরোয়ার্ড: ভিনিসিয়ুস জুনিয়র, মাতেউস কুনিয়া/ইগর থিয়াগো
দেখুন আরও খবর:
