কলকাতা: আগামীকাল, রবিবার সকালে ফের বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু (Vidya Sagar Setu)। সেতুর রক্ষণাবেক্ষণ ও সংস্কারের কাজের জন্য ১৪ জুন সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত সম্পূর্ণ যান চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। এর জেরে কলকাতা (Kolkata) ও হাওড়ার (Howrah) মধ্যে যাতায়াতকারী যানবাহনের জন্য বিকল্প রুটের ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ।
হুগলি রিভার ব্রিজ কমিশনার্স (এইচআরবিসি)-এর উদ্যোগে সেতুর স্টে কেবল, হোল্ডিং-ডাউন কেবল এবং বেয়ারিং বদল-সহ একাধিক গুরুত্বপূর্ণ মেরামতির কাজ করা হবে। সেই কারণেই সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু।
পুলিশ সূত্রে খবর, এজেসি বোস রোড থেকে বিদ্যাসাগর সেতুমুখী যানবাহনগুলিকে হেস্টিংস ক্রসিং হয়ে স্ট্র্যান্ড রোড ও হাওড়া ব্রিজের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। খিদিরপুর রোড এবং সিজিআর রোড থেকে আসা গাড়িগুলিকেও বিকল্প পথে হাওড়া ব্রিজ ব্যবহার করতে হবে।
কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, ট্রাফিকের চাপ সামাল দিতে প্রয়োজন অনুযায়ী আরও কিছু এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে। তাই রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যাসাগর সেতু ব্যবহার না করে বিকল্প রুটে যাতায়াতের পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই পর্যায়ক্রমে বিদ্যাসাগর সেতুর সংস্কারের কাজ চলছে। সেই কাজের অংশ হিসেবেই রবিবার আবার কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখা হচ্ছে সেতুটি। হাওড়া ও কলকাতার মধ্যে যাতায়াতকারী সাধারণ মানুষকে আগেভাগে যাত্রাপথ পরিকল্পনা করে নেওয়ার আবেদন জানিয়েছে প্রশাসন।
