ওয়েব ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বাসন্তী ব্লকের এক সাধারণ গৃহবধূ, কিন্তু তাঁর অদম্য জেদ আর রাজনৈতিক বিশ্বাস আজ তাঁকে আলাদা করে চেনাচ্ছে। ৭২ বছর বয়সে এসে অবশেষে পূরণ হল তাঁর দীর্ঘ ২৮ বছরের প্রতিজ্ঞা। রাজ্যে বিজেপি (BJP) সরকার গঠনের পরই প্রথমবারের মতো পায়ে জুতো পরলেন আঙুরবালা সাউ।
ঘটনার সূত্রপাত ১৯৯৮ সালে, তখন রাজ্যে বাম শাসনের সময়। সেই সময়েই বিজেপির হয়ে পঞ্চায়েত সমিতির নির্বাচনে প্রার্থী হয়েছিলেন আঙুরবালা (Angurbala)। রাজনৈতিকভাবে তখন বিজেপির খুব একটা শক্তিশালী অবস্থান ছিল না। অন্যদিকে বামপন্থীদের প্রভাব ছিল সর্বত্র। অভিযোগ, নির্বাচনে পরাজয়ের পর তাঁকে অপমান এবং সামাজিক গঞ্জনার মুখে পড়তে হয়।
আরও পড়ুন: কেউ ঘরছাড়া, কেউ ফিরছে বাড়ি! ভোট মিটতেই এ কী ছবি সন্দেশখালিতে!
এই অভিজ্ঞতার পরই কঠোর শপথ নেন আঙুরবালা- যতদিন না রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে, ততদিন তিনি জুতো পরবেন না। সেই থেকে শুরু হয় তাঁর দীর্ঘ পথচলা খালি পায়ে। শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা—কোনও ঋতুতেই তিনি নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেননি। পরিবার, আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীদের বহু অনুরোধও তাঁকে টলাতে পারেনি।
সময়ের সঙ্গে বদলেছে রাজ্যের রাজনৈতিক মানচিত্র। বামফ্রন্টের পতনের পর ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। সেই সময় থেকেই রাজ্যে ধীরে ধীরে নিজেদের শক্তি বাড়াতে শুরু করে বিজেপি। আশা বাঁচিয়ে রেখেছিলেন আঙুরবালা। অবশেষে ২৮ বছর পর সেই প্রতীক্ষার অবসান। বিধানসভা নির্বাচনে বিজেপির জয় এবং সরকার গঠনের খবর পৌঁছতেই আবেগে ভেঙে পড়েন তিনি। স্থানীয় বিজেপি কর্মীরা তাঁর বাড়িতে গিয়ে নতুন জুতো পরিয়ে দেন। একইসঙ্গে যেন সম্পূর্ণ হয় একটা আস্ত বৃত্ত।
দেখুন আরও খবর:
