ওয়েব ডেস্ক : ২০২৭ সালের একদিনের ক্রিকেট বিশ্বকাপ (Cricket World Cup 2026) ঘিরে এখন থেকেই বাড়ছে উন্মাদনা। টিকিটের জন্য আবেদন শুরু হওয়ার মাত্র ১২ দিনের মধ্যেই দেড় কোটির বেশি আবেদন জমা পড়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) জানিয়েছে, বিশ্বের ১৪২টি দেশ থেকে ক্রিকেটপ্রেমীরা টিকিটের জন্য আবেদন করেছেন।
আইসিসির প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত মোট ১ কোটি ৫০ লক্ষ ৮৩ হাজার ৭৫২টি টিকিটের আবেদন জমা পড়েছে। আবেদনকারীদের জন্য তৈরি হয়েছে ৪৪ লক্ষ ২৩ হাজার ৪১৭টি ব্যালট নিবন্ধন। টিকিটের এই বিপুল চাহিদা বিশ্বকাপ ঘিরে আন্তর্জাতিক স্তরে ক্রিকেটপ্রেমীদের আগ্রহকেই তুলে ধরছে।
আরও খবর : ‘দল ছাড়তে হবে, নয়তো অবসর’! যুবরাজ-গম্ভীরদের কেরিয়ার কেন দ্রুত শেষ হয়েছিল, জানালেন প্রাক্তন নির্বাচক
২০২৭ সালের ২ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত চলবে একদিনের ক্রিকেট বিশ্বকাপ (Cricket World Cup 2026)। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়া যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করবে। ২১ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল হওয়ার কথা। টিকিটের জন্য ব্যালট রেজিস্ট্রেশনের সুযোগ থাকছে ২০২৬ সালের ২১ নভেম্বর পর্যন্ত।
আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্ত জানিয়েছেন, বিশ্বকাপের টিকিটের জন্য বিপুল আবেদন প্রতিযোগিতাটির জনপ্রিয়তা এবং আফ্রিকায় বিশ্বকাপ আয়োজন ঘিরে আগ্রহের প্রমাণ। টুর্নামেন্টকে কেন্দ্র করে আগামী এক বছরে আরও নানা প্রচারমূলক কর্মসূচি ও আয়োজনের পরিকল্পনা রয়েছে আইসিসির।
উল্লেখ্য, দীর্ঘ ২৪ বছর পর দক্ষিণ আফ্রিকায় ফিরছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। ফলে এবারের প্রতিযোগিতা ঘিরে আয়োজক দেশগুলির পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রিকেটপ্রেমীদের মধ্যেও বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।
