কলকাতা: ‘শেষ হাসি’ হাসলেন শুভেন্দুই, ভবানীপুরে পরাজিত মমতা। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের ঘরের মেয়ে। অথচ সেই নিজের ঘরেই হারতে হল! পাঁচ বছর আগে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কাছে পরাস্ত হয়েছিলেন মমতা। কিন্তু এবার নিজেরই আসনে পরাস্ত হলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
২০১১ সালের উপ নির্বাচন এবং ২০১৬ সালের বিধানসভা ভোটে এই আসনে জেতেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে ২০২১ সালের সালের উপ নির্বাচনেও এই আসনে জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।এবারে পশ্চিমবঙ্গের নির্বাচনে সবচেয়ে হাইপ্রোফাইল কেন্দ্রগুলির মধ্যে অন্যতম হল ভবানীপুর ও নন্দীগ্রাম। ২০২১ সালে সবচেয়ে হাইভোল্টেজ কেন্দ্র ছিল নন্দীগ্রাম, এবারে ভবানীপুর।কারণ ভবানীপুরে মুখোমুখি লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ভবানীপুরে ১৫,১১৪ ভোটে জয়ী শুভেন্দু অধিকারী। এবার ভবানীপুরেও হারলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের আসন ভবানীপুরকে ‘বড়বোন’ এবং নন্দীগ্রামকে ‘মেজবোন’ বলে সম্বোধন করেন মমতা। ‘মেজবোনের’ কাছে পাঁচ বছর আগেই হেরেছিলেন। সে বারও হারিয়েছিলেন শুভেন্দু। এ বার ‘বড়বোন’ ভবানীপুরেও হারলেন তিনি। এ বারও হারালেন সেই শুভেন্দুই। গত বারের চেয়ে আরও বড় ব্যবধানে। নন্দীগ্রাম আসনে পাঁচ বছর আগে ১৯৫৬ ভোটে মমতাকে হারিয়েছিলেন শুভেন্দু। এ বার জয়ের ব্যবধান আরও বাড়ালেন শুভেন্দু— ১৫ হাজারেরও বেশি ভোটে জয়।
আরও পড়ুন: বদলা নয় বদল হবে বাংলায়: মোদি
সোমবার গণনার শুরু থেকে ছিল টানটান উত্তেজনা। লড়াই যে হাড্ডাহাড্ডি হতে চলেছে, সেই আভাস মিলেছিল সকাল থেকেই। ২০ রাউন্ডের গণনা— প্রথম রাউন্ড থেকেই শুরু হয়েছিল স্নায়ুর লড়াই। প্রথম রাউন্ডে মমতা এগিয়ে, তো দ্বিতীয় রাউন্ডে শুভেন্দু, তার পরের রাউন্ডে আবার এগিয়ে মমতা। প্রথম দিকের কয়েকটি রাউন্ড চলে এ ভাবেই। তার পরে পঞ্চদশ রাউন্ড পর্যন্ত টানা এগিয়ে ছিলেন মমতা। যদিও সপ্তম রাউন্ড থেকে টানা নিজের ভোট বৃদ্ধি করতে থাকেন শুভেন্দু। কমাতে থাকেন ব্যবধান। প্রতি রাউন্ডে একটু একটু করে ব্যবধান কমিয়ে ষোড়শ রাউন্ডে গিয়ে মমতাকে ছাপিয়ে যান তিনি।
