ওয়েব ডেস্ক: বিধানসভা নির্বাচনে (Assembly Election 2026) জিতে ক্ষমতায় আসতে মরিয়া চাষ্টা চালাচ্ছে বিজেপি (BJP)। সেই লক্ষ্যে রাজ্যের বুকে প্রচারে ঝড় তুলেছেন নরেন্দ্র মোদি, অমিত শাহরা (Amit Shah)। দ্বিতীয় দফার ভোটের প্রচারে আজ হাবড়ায় জনসভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর সেখান থেকে রাজ্যের বিদায়ী সরকারকে বেকারত্ব ইস্যুতে তোপ দাগেন তিনি। পাশাপাশি, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের এক লক্ষ বেকারকে চাকরি দেওয়ার আশ্বাস দেন তিনি।
হাবড়ার সভা থেকে অমিত শাহ তৃণমূল কংগ্রেসকে তোপ দেগে বলেন, “এখানে সবচেয়ে বড় সমস্যা বেকারত্বের।” এর পর প্রতিশ্রুতির সুরে শাহ বলেন, “বিজেপির সরকার গঠিত হওয়ার পরে চারটে বড় শিল্পশহর বানাব। যে সব প্রতিষ্ঠান মমতার সিন্ডিকেটের জন্য বাইরে চলে গিয়েছে, সেই সব প্রতিষ্ঠানকে আবার পশ্চিমবঙ্গে চালু করবে বিজেপি।” তিনি আরও বলেন, “তরুণদের প্রতি বছর ১ লক্ষ চাকরি দেওয়া হবে। বাড়ি বসে নিয়োগপত্র পাবেন, এমন ভাবে কাজ করবে বিজেপি।”
আরও পড়ুন: ‘রাজ্যে ২০০ আসন নিয়ে ক্ষমতায় আসছে বিজেপি, শাসকদলকে নিশানা অসমের মুখ্যমন্ত্রীর
এদিনের বক্তৃতায় দেশের অন্যান্য ডবল-ইঞ্জিন রাজ্যের উদাহরণও টানেন অমিত শাহ এবং মহিলাদের সুরক্ষার ইস্যু উল্লেখ করে তিনি বলেন, “বিজেপি যেখানে যেখানে ক্ষমতায় এসেছে মহিলাদের সুরক্ষার কথা ভেবেছে। আপনারা বিজেপির সরকার গড়ে দিন, প্রত্যেক দিদির অ্যাকাউন্টে প্রতি মাসে ৩০০০ টাকা পাঠাব আমরা।” যদিও বিজেপির প্রতিশ্রুতি দেওয়া এবং সেগুলির বাস্তবায়নের মধ্যে এখনও ফারাকটা স্পষ্টভাবে দেখা যায়। তাই রাজ্যের ভোটাররা এই সমস্ত শাহি প্রতিশ্রুতি শুনে ভোটবাক্সে কতটা প্রভাব ফেলবেন, সেটাই দেখার বিষয়।
দেখুন আরও খবর:
