কলকাতা: আগামী ২৩ এপ্রিল ১৫২ আসনে রাজ্যে প্রথম দফার বিধানসভা ভোট (WB Assembly Election )। প্রথম দফার ভোটে মোট ২৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত আগেই নিয়েছিল নির্বাচন কমিশন (Election Commission)। ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ভোটে কত বাহিনী মোতায়েন করা হবে, তা জানিয়ে দিল কমিশন।আসন্ন দ্বিতীয় দফার ভোটকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করল নির্বাচন কমিশন। পাশাপাশি কোন জেলায় কত বাহিনী পাঠানো হবে, সেই হিসাবও দিল কমিশন।
আসন্ন দ্বিতীয় দফার ভোটে রাজ্যের বিভিন্ন জেলায় মোট ২৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে কলকাতা পুলিশের অধীনে থাকবে ২৭৩ কোম্পানি বাহিনী। কমিশন সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা জেলায় সর্বাধিক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। সুন্দরবন, বারুইপুর এবং ডায়মন্ড হারবার এই তিন পুলিশ জেলার অধীনে সব মিলিয়ে পাঠানো হচ্ছে ৪০৯ কোম্পানি বাহিনী। এছাড়া পূর্ব বর্ধমান জেলায় ২৬০ কোম্পানি এবং হুগলি গ্রামীণ এলাকায় ২৩৪ কোম্পানি বাহিনী মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
আরও পড়ুন: বাইকে নিয়ে রাস্তায় বেরনো যাবে না, বাঁধা হল চালানোর সময়! ভোটবঙ্গে কড়া কমিশন
জেলা পুলিশ এবং কমিশনারেট এলাকা ধরে ধরে বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত কমিশন। বারাসাত পুলিশ জেলায় থাকবে ১১২ কোম্পানি, বনগাঁ পুলিশ জেলায় ৬২ কোম্পানি, বসিরহাটে ১২৩ কোম্পানি এবং বিধাননগর পুলিশ কমিশনারেটে ৫০ কোম্পানি বাহিনী থাকবে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে মোতায়েন করা হবে ১৬০ কোম্পানি, হাওড়া গ্রামীণ এলাকায় ১৪৭ কোম্পানি এবং হাওড়া পুলিশ কমিশনারেটে ১১০ কোম্পানি। নদিয়ার কৃষ্ণনগর পুলিশ জেলায় ১৫৮ কোম্পানি এবং রানাঘাটে ১২৭ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। চন্দননগর পুলিশ কমিশনারেটে ৮৩ কোম্পানি এবং আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটে থাকবে ১৩ কোম্পানি।
