নয়াদিল্লি: আম আদমি পার্টির (Aam Admi Party) অন্দরে বাড়ছে অস্বস্তি, তারই মধ্যে বড় ধাক্কা রাঘব চাড্ডার (Raghav Chadda)। রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে তাঁকে সরিয়ে দিল আপ নেতৃত্ব। তাঁর জায়গায় নতুন ডেপুটি লিডার হিসেবে অশোক মিত্তলের নাম প্রস্তাব করে রাজ্যসভায় চিঠিও পাঠিয়েছে দল।
শুধু পদচ্যুত করাই নয়, আপের বরাদ্দ সময় থেকে রাঘব চাড্ডাকে বক্তব্য রাখার সুযোগ না দেওয়ার কথাও জানানো হয়েছে যা রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: কালিয়াচকের নিয়ে রাজ্যকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের, মুখ্যসচিব-জেলাশাসক-ডিজিকে শোকজ
দলের ঘনিষ্ঠ মহলের মতে, অশোক মিত্তল আপের শীর্ষ নেতৃত্বের অত্যন্ত কাছের মানুষ। অন্যদিকে, রাঘবকে এইভাবে সরানো তাঁর সঙ্গে দলের দূরত্ব বাড়ারই ইঙ্গিত দিচ্ছে।
গত কয়েক মাসে সংসদে একাধিক ইস্যুতে সরব হয়ে নজর কেড়েছিলেন রাঘব চাড্ডা। গিগ কর্মীদের অধিকার, টেলিকম সংস্থার রিচার্জ ইস্যু থেকে শুরু করে জনজীবনের নানা প্রশ্ন তুলে ধরেছেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও তাঁর জনপ্রিয়তা বেড়েছে উল্লেখযোগ্যভাবে।
তবে এরই মধ্যে দলের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছে বলে জল্পনা। দীর্ঘদিন আপের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর যোগাযোগ নেই বলেই খবর। এমনকি আবগারি দুর্নীতি মামলায় জামিন পাওয়ার পর অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে তাঁর সাক্ষাৎ বা প্রকাশ্য কোনও বার্তাও সামনে আসেনি।
পাঞ্জাব ও গুজরাটে আসন্ন নির্বাচনের প্রস্তুতিতেও রাঘবের অনুপস্থিতি চোখে পড়েছে। এই প্রেক্ষাপটে রাজনৈতিক মহলের একাংশের অনুমান, দলবদলের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত রাঘব চাড্ডার কোনও প্রতিক্রিয়া মেলেনি।

