ওয়েব ডেস্ক: ফের সুখবর পেতে চলেছেন কলকাতার ফুটবলপ্রেমীরা। লিওনেল মেসিকে (Lionel Messi) ফের কলকাতায় আনার উদ্যোগ শুরু হয়েছে। তবে এবার শুধু সৌজন্য সফর নয়, কলকাতার মাঠে তাঁকে খেলতেও দেখা যেতে পারে বলে জোর জল্পনা। জানা গিয়েছে, ইন্টার মায়ামির প্রাক্-মরসুম প্রস্তুতির অংশ হিসেবে ভারত সফরের পরিকল্পনা চলছে। সেই সূচিতে কলকাতাকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হচ্ছে।
সূত্রের খবর, এই উদ্যোগের নেপথ্যে রয়েছেন ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। ইতিমধ্যেই তিনি আমেরিকায় গিয়ে মেসির (Lionel Messi) টিমের সঙ্গে একাধিক দফায় বৈঠক করেছেন। আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলেই জানা গিয়েছে। বিশ্বকাপের পর আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হতে পারে। তারপরই সফরের দিনক্ষণ এবং সম্ভাব্য ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।শুধু ভারত নয়, সফরসূচিতে বাংলাদেশও থাকতে পারে।
আরও খবর : রোহিতের অবসর জল্পনায় ইতি! লর্ডসে শেষ ওয়ানডে নয়, বড় ঘোষণা বিসিসিআইয়ের
তবে ইন্টার মায়ামির প্রাক্-মরসুম কবে শুরু হবে, তা এখনও নির্ধারিত হয়নি। ফলে মেসির (Lionel Messi) ভারত সফরের নির্দিষ্ট সময়ও এখনই নিশ্চিত নয়। তবুও ২০১১ সালের পর আবার কলকাতার মাঠে মেসিকে খেলতে দেখার সম্ভাবনায় উচ্ছ্বসিত সমর্থকেরা।
উল্লেখ্য, গতবার কলকাতা সফরে বিশৃঙ্খলার কারণে অনুরাগীদের বড় অংশ মেসির কাছে পৌঁছতে বা তাঁকে কাছ থেকে দেখতে পারেননি। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার আরও সুপরিকল্পিত ও নিরাপত্তা-সুনিশ্চিত আয়োজনের ভাবনা চলছে বলে সূত্রের খবর। যদিও মেসির কলকাতা সফর নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
