ওয়েব ডেস্ক : ভারত (India) ও জিম্বাবোয়ের (Zimbabwe) মহিলা ক্রিকেট দলের আসন্ন টি-টোয়েন্টি সিরিজ ঘিরে ক্রিকেটপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিল ছত্তিশগড় ক্রিকেট সংস্থা। তিন ম্যাচের এই সিরিজে স্টেডিয়ামে প্রবেশের জন্য কোনও টিকিট কাটতে হবে না মহিলা দর্শকদের। শুক্রবার থেকে রায়পুরের শহিদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে এই সিরিজ। দ্বিতীয় ম্যাচ রবিবার এবং তৃতীয় তথা শেষ ম্যাচ মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাইয়ের প্রস্তাবেই মহিলা দর্শকদের বিনামূল্যে প্রবেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ছত্তিশগড় স্টেট ক্রিকেট সংঘের একটি সূত্র। সংবাদ সংস্থা আইএএনএসকে ওই সূত্র জানিয়েছে, মুখ্যমন্ত্রীকে ম্যাচ দেখার আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই সময়ই মহিলা দর্শকদের জন্য বিনামূল্যে টিকিটের ব্যবস্থা করার প্রস্তাব দেন তিনি। এরপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
রাজ্যে এখন চলছে নবরাত্রি উৎসব। উৎসবের আবহে স্টেডিয়ামে আরও বেশি সংখ্যক মহিলা দর্শকের উপস্থিতি ম্যাচের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলবে বলে মনে করছে ক্রিকেট সংস্থা। মহিলা ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়ানো এবং গ্যালারিতে দর্শকদের উপস্থিতি বাড়ানোর ক্ষেত্রেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ হতে পারে।
এই সিরিজ ভারতীয় দলের অধিনায়ক স্মৃতি মন্ধানার কাছেও বিশেষ তাৎপর্যপূর্ণ। হরমনপ্রীত কৌর অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেওয়ার পর পূর্ণ সময়ের অধিনায়ক হিসেবে এই সিরিজেই নতুন দায়িত্ব শুরু করছেন মন্ধানা। ফলে জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ তাঁর নেতৃত্বের প্রথম বড় পরীক্ষা হতে চলেছে।
ভারত ও জিম্বাবোয়ের মহিলা ক্রিকেট দল এর আগে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়নি। দুই দলের এই সফরে মোট ছয়টি ম্যাচ খেলা হবে। টি-টোয়েন্টি সিরিজের পর শুরু হবে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজ। সেই ম্যাচগুলি ২৩, ২৫ এবং ২৮ অক্টোবর ভদোদরায় অনুষ্ঠিত হওয়ার কথা। একদিনের সিরিজটি আইসিসি মহিলা চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৯-এর অংশ।
